বৃষ্টির দেখা নেই, চাষিরা উৎকণ্ঠায়

বর্ষায় আমনের আবাদ হয়। তাই আমন চাষ সম্পূর্ণভাবে বৃষ্টির পানির ওপর নির্ভরশীল। এখন বর্ষা চলছে। অথচ বৃষ্টির দেখা নেই। পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় বিপাকে পড়েছেন বগুড়া ও জয়পুরহাটের চাষিরা। অনেকে গভীর-অগভীর নলকূপ চালু করে খেতে সেচ দিয়ে হাল চাষ করছেন। এতে এবারের আমন চাষ নিয়ে উৎকণ্ঠায় আছেন চাষিরা।
তবে কৃষি কর্মকর্তারা বলছেন, উদ্বেগের কিছু নেই। শ্রাবণের শেষ ভাগে বৃষ্টি হলেও চাষাবাদ ব্যাহত হবে না। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বগুড়া: সদর, গাবতলী, সারিয়াকান্দি, সোনাতলা, নন্দীগ্রাম, কাহালু, শাজাহানপুর উপজেলায় মাঠের পর মাঠ জমি অনাবাদি হয়ে পড়ে আছে। গাবতলী, সোনাতলা ও সারিয়াকান্দিতে পানির অভাবে পাট জাগ দেওয়া নিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা। গত বুধবার সকালে বগুড়া সদরের ফাপোড় গ্রামের কৃষক দেলোয়ার হোসেন পাশের পালসা মাঠে শুকনো জমিতে হাল চাষ দিচ্ছিলেন। তিনি বলেন, ‘বর্ষা চলে যাচ্ছে, বৃষ্টির দেকা নাই। শুকনা জমি ঘাসে ভরে যাচ্চে। বসে থ্যাকে আর কী করমু! শুকনা জমিতই হাল চাষ দিচ্চি।’
নন্দীগ্রামের বেশ কিছু মাঠে কৃষকেরা আমন ধান লাগাতে গভীর-অগভীর নলকূপ চালু করে সেচ দিচ্ছেন। রণবাঘার কৃষক নুরুজ্জামান হোসেন বলেন, ‘শাওন (শ্রাবণ) মাসের ১০ দিন চলে যাচ্চে। বর্ষার দেকা নাই। জমি তো আর খালি ফেলে রাখা যাচ্চে না। তাই শ্যালোমেশিন দিয়ে সেচ দিয়ে আমন লাগাবার জমি তৈরি করিচ্চি।’
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়ার উপপরিচালক বজলুর রশীদ বলেন, উদ্বেগের কিছু নেই। কারণ, শ্রাবণ মাসের শেষ দিকে বৃষ্টিপাত হলেও আমন চাষাবাদ ব্যাহত হবে না।
শিবগঞ্জ (বগুড়া): বৃষ্টির দেখা না পেয়ে চাষিরা সেচ ব্যবসায়ীদের দ্বারস্ত হচ্ছেন। সেচযন্ত্রের মালিকেরা জানান, তাঁরা ধরেই নিয়েছিলেন এক-দুবার খেতে সেচ দিতেই বৃষ্টির দেখা মিলবে। এ জন্য বোরো চাষের চেয়ে ৩০০-৫০০ টাকা প্রতি বিঘাতে কম ধরে আমন সেচের জন্য চুক্তি করেছেন।
চাষিরা জানান, চুক্তি অনুযায়ী আমন খেতে একবার সেচ দেওয়ার পর যদি প্রয়োজনীয় বৃষ্টি হয়, তবে আর সেচ না দিয়েও সেচযন্ত্রের মালিক চুক্তির পুরো টাকা পাবেন। আবার বৃষ্টি না হলে যতবারই খেতে সেচের প্রয়োজন হবে, ততবারই সেচযন্ত্রের মালিককে ওই একই পরিমাণ টাকায় সেচ দিয়ে যেতে হবে।
উপজেলার দামগাড়া গ্রামের সেচযেন্ত্রর মালিক আমিনুল ইসলাম বলেন, ‘আগের অভিজ্ঞতা থেকে মনে করেছিলাম, এক থেকে দুবার সেচ দিতেই প্রয়োজনীয় বৃষ্টি নামবে। কিন্তু তা হয়নি। শিগগিরই যে বৃষ্টি নামবে তার লক্ষণও দেখা যাচ্ছে না। প্রয়োজনীয় বৃষ্টি না হলে আমাকে বড় ধরনের লোকসানের মুখে পড়তে হবে।’
জয়পুহরাট: গত বছর জুলাইয়ের ২৪ তারিখ পর্যন্ত বৃষ্টি হয়েছিল ৪৫৯ মিলিমিটার। চলতি বছরের ২৪ জুলাই পর্যন্ত ৩৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। কৃষকেরা সেচযন্ত্র চালু করে সামান্য কিছু জমিতে রোপা আমন লাগালেও জেলার কয়েক হাজার হেক্টর জমি পড়ে আছে।
ক্ষেতলাল উপজেলার খান্দার গ্রামের কৃষক প্রফুল্য চন্দ্র, কালাইয়ের মাস্তর গ্রামের কৃষক শাহাদুল ইসলাম জানান, বৃষ্টির অভাবে জমিতে হাল চাষ দেওয়া সম্ভব হচ্ছে না। আগাম জাতের রোপা আমন ধান লাগিয়ে তাঁরা ওই ধান আশ্বিন মাসের শেষে কেটে আলু লাগাতেন। এবার আগাম আলু লাগানো সম্ভব হবে না।