বৃষ্টির পর জলজট, যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌসুমের প্রথম মাঝারি মাত্রার বর্ষণে আজ মঙ্গলবার তলিয়ে গেল চট্টগ্রামের বিভিন্ন এলাকা। বৃষ্টি থামার এক ঘণ্টা পরও নগরের কয়েকটি স্থান হাঁটুসমান পানিতে ডুবে ছিল। এ কারণে চরম দুর্ভোগের মধ্যে পড়ে বিভিন্ন বয়সী নারী-পুরুষ। বৃষ্টির কারণে জলজটের পাশাপাশি যানজটও দেখা গেছে।

পতেঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বায়ুচাপের তারতম্যের আধিক্যের কারণে এই বৃষ্টিপাত হচ্ছে। মঙ্গলবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১২ ঘণ্টায় ৫৮ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এর মধ্যে বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তিন ঘণ্টায় বৃষ্টি হয়েছে ২৭ দশমিক ৪ মিলিমিটার।

বেলা তিনটার দিকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টির ১৫ মিনিটের মধ্যেই নগরের প্রবর্তক মোড়, ষোলোশহর দুই নম্বর গেট, মুরাদপুর, চান্দগাঁও, কমার্স কলেজ রোড, আগ্রাবাদ এক্সেস সড়ক, হালিশহর ও বাকলিয়ার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দেয়। হালকা থেকে মাঝারি মাত্রার এই বৃষ্টি থেমে থেমে সাড়ে পাঁচটা পর্যন্ত অব্যাহত ছিল। পাঁচটার দিকে বৃষ্টি থামলেও পানি সঙ্গে সঙ্গে নামেনি।

ষোলোশহর ও মুরাদপুর এলাকায় সন্ধ্যা ছয়টা পর্যন্ত পানি ছিল। এ সময় যানজট দেখা দেয়। সড়কের দুই পাশে রাস্তায় দাঁড়িয়েছিল বিভিন্ন যানবাহন। একই অবস্থা দেখা গেছে নগরের প্রবর্তক মোড় এলাকায়ও।

সরেজমিনে দেখা যায়, হাঁটুসমান পানি ওঠার কারণে নগরের মুরাদপুর ও দুই নম্বর গেট এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘণ্টার পর ঘণ্টা গাড়িগুলোকে দাঁড়িয়ে থাকতে হয় পানির মধ্যে। পানির ভেতর কেউ ভ্যান কিংবা রিকশা নিয়ে ওই এলাকা পার হওয়ার চেষ্টা করেন।

সকালের বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রাম নগরের বিভিন্ন সড়ক। পানি জমে যাওয়ায় দুর্ভোগে পড়তে হয় নগরবাসীদের। ছবিটি আজ মঙ্গলবার বিকেলে নগরের প্রবর্তক মোড় এলাকা থেকে তোলা। ছবি: সৌরভ দাশ
সকালের বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রাম নগরের বিভিন্ন সড়ক। পানি জমে যাওয়ায় দুর্ভোগে পড়তে হয় নগরবাসীদের। ছবিটি আজ মঙ্গলবার বিকেলে নগরের প্রবর্তক মোড় এলাকা থেকে তোলা। ছবি: সৌরভ দাশ

মুরাদপুর এলাকায় আটকে থাকা প্রাইভেট কারের চালক মো. তারেক বলেন, ‘আমি প্রায় এক ঘণ্টা ধরে আটকে আছি। পানি নামে না।’
এ সময় বেশি দুর্ভোগে পড়ে স্কুলের শিক্ষার্থীরা। বজ্রসহ বৃষ্টিপাতের কারণে অনেকে বিপদে পড়েন। নগরের বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃষ্টির মধ্যে কাকভেজা হয়ে ফিরতে দেখা গেছে। এ ছাড়া কিছু শিক্ষার্থী ও সাধারণ মানুষকে ষোলোশহর এলাকায় হাঁটুসমান পানি মাড়িয়ে গন্তব্যে যেতে দেখা গেছে।

একই অবস্থা নগরের অন্যান্য স্থানেও দেখা গেছে। বাকলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশমুখের সড়ক পানিতে তলিয়ে গেছে।

বৃষ্টি থেমে যাওয়ার এক ঘণ্টা পরও ষোলোশহর ও মুরাদপুর এলাকা থেকে পানি নামছে না কেন জানতে চাইলে সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমদ বলেন, ‘ষোলোশহর ও মুরাদপুরে ওয়াসার কাটিং, উড়ালসড়ক ও নালার মুখ বন্ধ হয়ে যাওয়ার কারণে পানি দ্রুত নামতে পারছে না। আমরা সমস্যাগুলো চিহ্নিত করে বর্ষার আগেই সমাধান করার উদ্যোগ নিচ্ছি।’
প্রবর্তক, বাকলিয়া, হালিশহরসহ অন্যান্য স্থানের পানি নামতেও বিলম্ব হয়েছে।

পতেঙ্গা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস কর্মকর্তা আবদুল হান্নান বলেন, উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের পার্থক্যের কারণে এই বৃষ্টিপাত হচ্ছে। আগামীকাল (বুধবার) সকালেও অনুরূপ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছোট নৌযানগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।