বৃষ্টির পর লোকসানের ভয়ে মেরামতে অনীহা ঠিকাদারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সখীপুর-গারোবাজার ৩০ কিলোমিটার সড়কের বেহাল দশায় যাতায়াতে দুর্ভোগ পোহাচ্ছে যাত্রীরা। ছবিটি সম্প্রতি সখীপুর খাদ্যগুদামের কাছ থেকে তোলা l প্রথম আলো
সখীপুর-গারোবাজার ৩০ কিলোমিটার সড়কের বেহাল দশায় যাতায়াতে দুর্ভোগ পোহাচ্ছে যাত্রীরা। ছবিটি সম্প্রতি সখীপুর খাদ্যগুদামের কাছ থেকে তোলা l প্রথম আলো

টাঙ্গাইলের সখীপুর-গারোবাজার সড়কের বেহাল দশায় এ পথে চলা কঠিন হয়ে পড়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অবশ্য আগেই সড়কটি সংস্কারের দায়িত্ব দিয়েছে এক ঠিকাদারকে। কিন্তু অতিবৃষ্টির কারণে সড়কটির দশা হয়েছে আরও নাজুক। এর ফলে সংস্কারের ব্যয় বেড়ে যাওয়ায় লোকসানের ভয়ে সংস্কারকাজে হাতই দিচ্ছেন না ঠিকাদার। এ কারণে ওই বেহাল সড়কে দিন দিন বাড়ছে দুর্ভোগ।

টাঙ্গাইলের সখীপুর, ঘাটাইল, মধুপুর, ময়মনসিংহের ভালুকা এবং ফুলবাড়িয়া উপজেলার একাংশের মানুষকে রাজধানী ঢাকায় যাতায়াত করতে ওই সড়ক ব্যবহার করতে হয়।

স্থানীয় এলজিইডি কার্যালয় সূত্র জানায়, বিশ্বব্যাংকের অর্থায়নে সখীপুর-গারোবাজার সড়কটির ৩০ কিলোমিটার অংশ আগামী ৫ বছর রক্ষণাবেক্ষণের জন্য গত ৪ মে দরপত্র আহ্বান করা হয়। ৯ কোটি ৩৪ লাখ টাকার কাজটি পায় হক ইন্টারন্যাশনাল নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। গত ২০ জুন ঠিকাদারের সঙ্গে এলজিইডির চুক্তি হয়।

ঠিকাদার সখীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের নির্বাচিত সদস্য গোলাম কিবরিয়া বাদল।

ঠিকাদার আরও বলেন, জুলাই মাসের প্রথমদিকে সারা দেশে ব্যাপক বৃষ্টি হয়। এতে ওই সড়ক আগের চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। দরপত্রে ওই সড়কের যে প্রাক্কলন ব্যয় ধরা হয়েছে, এর সঙ্গে বর্তমান রাস্তা মেরামতের কাজ করতে হলে যে ব্যয় হবে, তার মিল নেই। তিনি উদাহরণ দিয়ে বলেন, সখীপুর খাদ্যগুদামের পাশের রাস্তায় দরপত্রে ৪২ মিটার রাস্তা ভাঙা বলা হয়েছে। অথচ বর্তমানে বৃষ্টির কারণে ওই ভাঙা অংশের দৈর্ঘ্য বেড়ে হয়েছে ১৭২ মিটার।

এদিকে সড়কে তৈরি হওয়া বড় বড় গর্তে প্রতিদিন বাস-ট্রাকসহ অন্যান্য ভারী যানবাহন ফেঁসে গিয়ে যানজট তৈরি হচ্ছে। দুর্ভোগে পড়ছে যাত্রীরা। ওই সড়ক দিয়ে প্রতিদিন কয়েক হাজার বাস-ট্রাক চলাচল করে।

সড়কের বাসচালক আলমাছ মিয়া বলেন, সড়কের বেশ কয়েকটি স্থানে বড় বড় গর্ত হয়েছে। ওই গর্তে প্রতিদিনই কোনো না-কোনো যানবাহনের চাকা পড়ে আটকে যাচ্ছে।

ব্যবসায়ী শফিকুল বলেন, ওই সড়ক দিয়ে প্রতি সপ্তাহে তাঁকে দুই ট্রাক কলা ও এক ট্রাক সবজি নিয়ে ঢাকায় যেতে হয়। কিন্তু রাস্তা সংস্কার না হওয়ায় পরিবহন ব্যয় বাড়ছে।

সখীপুর এলজিইডির প্রকৌশলী কাজী ফাহাদ কুদ্দুস বলেন, ‘ওই সড়কে প্রতিদিন কোনো না কোনো গাড়ির চাকা গর্তে পড়ে ফেঁসে যাচ্ছে। ভুক্তভোগীরা ফোন করে আমাকে বকাঝকা করে। কিন্তু ঠিকাদার কাজ করছেন না।’ তবে প্রকৌশলী স্বীকার করেন, ‘অতিবৃষ্টিতে আগের চেয়ে রাস্তা আরও বেশি ভেঙেছে।’

এদিকে ঠিকাদার বলেছেন, আগের প্রাক্কলন ব্যয়ের সঙ্গে বর্তমান প্রাক্কলনের মিল না থাকায় ওই কাজে তাঁকে লোকসান গুনতে হবে। তাই এই মুহূর্তে ওই সড়কের কাজ শুরু করতে পারছেন না তিনি।

অবশ্য ঠিকদার জানিয়েছেন, ১৫ দিন আগে টাঙ্গাইল এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে ওই কাজের প্রাক্কলন ব্যয় বাড়াতে তিনি আবেদন করেছেন। আবেদন মঞ্জুর হলে কাজ শুরু করা হবে বলে জানান ঠিকাদার।

টাঙ্গাইলের এলজিইডির নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার মুঠোফোনে বলেন, ঠিকাদারের আবেদন পেয়েছি। সরেজমিন তদন্ত করে ঠিকাদারের বিষয়টি দেখা হবে। তবে ওই ঠিকাদারকে জরুরি ভিত্তিতে ওই সব গর্ত মেরামত করে দেওয়ার জন্য তাগিদ দেওয়া হয়েছে।