বৃষ্টির পরও ধুলাবালির অত্যাচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরপর দুদিন বৃষ্টি হয়েছে। আশপাশের মাটি ভিজে নরম হয়ে আছে। কিন্তু স্বস্তি নেই কুষ্টিয়া শহরের ত্রিমোহিনী-বটতৈল সড়কে। এ আট কিলোমিটার এলাকায় ধুলাবালিতে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। ছয় মাস ধরে এ অবস্থা চললেও প্রতিকারের উদ্যোগ নেই।

এ আট কিলোমিটার সড়কের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্র মজমপুর রেলগেট এলাকার। এলাকাটি এখন ধুলোয় ধূসর হয়ে থাকে সারা দিন। নাকে কাপড় চেপে চলতে হয় পথচারীদের। ট্রাফিক পুলিশের সদস্যরাও এখানে মুখে মাস্ক ব্যবহার করে দায়িত্ব পালন করেন।

কুষ্টিয়া আঞ্চলিক পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মুন্সী মো. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘মজমপুর এলাকায় সড়কের অবস্থা খুবই খারাপ। পাশাপাশি প্রচুর বালুর ট্রাক চলাচল করায় ধুলার পরিমাণ বেশি। এটা খুবই মারাত্মক পর্যায়ে আছে, যা পরিবেশের জন্য ক্ষতিকর। কিন্তু ক্ষতির সঠিক পরিমাপ করা হয় না।’

কুষ্টিয়া পৌর এলাকার এ আট কিলোমিটার মহাসড়ক হয়ে দেশের উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় ১২ হাজার যানবাহন চলাচল করে। এ ছাড়া পদ্মা ও গড়াই থেকে উত্তোলন করা বালু ট্রাকে করে দেশের বিভিন্ন জেলায় যায়। বালুর ট্রাকগুলো খোলা থাকে। ফলে মহাসড়কে চলার সময় বালু সড়কে ঝরে পড়ে।

সরেজমিনে গতকাল মঙ্গলবার ত্রিমোহিনী, মঙ্গলবাড়িয়া, মজমপুর রেলগেট, জিলা স্কুল, জেলা প্রশাসকের কার্যালয়, কাস্টমস মোড়, চৌড়হাস, বিসিক শিল্পনগরী ও বটতৈল এলাকা ঘুরে সড়ক ও এর আশপাশে ধুলার ওড়াউড়ি চোখে পড়েছে।

মজমপুর এলাকায় দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট সুমন বিশ্বাস বলেন, সড়ক খারাপ হওয়ায় প্রায় প্রতিদিনই মজমপুর রেলগেট এলাকায় যানবাহনের চাকা ফেটে যায়। ভাঙাচোরা সড়কে বালু ও ধুলায় সারা দিন ধূসর থাকে এলাকা। বালুতে নাকাল হতে হয়।

মজমপুর এলাকার একটি কার্যালয়ের কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, ঘরের ভেতরও মুখে মাস্ক পরে বসে কাজ করতে হয়। গত রোববার ও সোমবার রাতে বৃষ্টি হয়েছে। এরপরও নিস্তার নেই।

কয়েকটি খাবার হোটেলের মালিক ও কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিন হোটেলের সামনের সড়কে পানি ছিটাতে হয়। তাতেও কাজ হয় না। ধুলো থেকে বাঁচাতে খাবার সামগ্রী ঢেকে রাখতে হয়।

চায়ের দোকানদার মোহাম্মদ আলম বলেন, ‘প্রতিদিন দোকানের সামনে তিন বেলা পানি ছিটাই, তারপরও কোনো কাজ হয় না। পৌরসভা বা সওজের কোনো লোক এর প্রতিকার দিতে পারে না। আমাদের এই দুর্ভোগ দেখার কেউ আছে বলে মনে হয় না।’

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক তাপস কুমার সরকার বলেন, ধুলাবালির কারণে শ্বাস-প্রশ্বাসগত সমস্যা বেশি হয়। শ্বাসকষ্ট, সর্দিকাশি, নাক, কান ও গলায় সংক্রমণের রোগ হয়ে থাকে।

কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, ‘পৌর এলাকার ভেতর দিয়ে মহাসড়ক চলে গেছে। এখানে পৌরসভার কিছু করার নেই। পানি ছিটানো যেতে পারে। তবে সেটা কয়দিন করা যায়? সওজ মহাসড়কটি সংস্কার করলে প্রতিকার আসতে পারে।’

কুষ্টিয়া সওজের নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, মজমপুর গেট এলাকাসহ মহাসড়কটির কয়েকটি স্থান সংস্কারের বড় উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে, কয়েক মাসের মধ্যে কাজ শুরু হবে। তখন ধুলার পরিমাণ কমে যাবে।