বৃষ্টির পানি কাজে লাগাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো কার্যালয়ে গতকাল আয়োজিত ‘নগরে বৃষ্টির পানির যথাযথ সংরক্ষণ ও ব্যবহার’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অতিথিরা l ছবি: প্রথম আলো
প্রথম আলো কার্যালয়ে গতকাল আয়োজিত ‘নগরে বৃষ্টির পানির যথাযথ সংরক্ষণ ও ব্যবহার’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অতিথিরা l ছবি: প্রথম আলো

রাজধানীর ভূগর্ভস্থ পানিস্তর বিপজ্জনক হারে নেমে যাচ্ছে, অন্যদিকে নদীসহ ভূ-উপরিস্থ পানির উত্সগুলোর দূষণ চরমে উঠে এখন প্রায় শোধন-অযোগ্য। এর ফলে ভবিষ্যতে সুপেয় পানির চরম সংকট দেখা দেবে। তাই বিকল্প হিসেবে বৃষ্টির পানি সংরক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে। এ জন্য প্রয়োজনে আইন করতে হবে।
গতকাল শনিবার প্রথম আলো আয়োজিত ‘নগরে বৃষ্টির পানির যথাযথ সংরক্ষণ ও ব্যবহার’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আলোচকেরা এসব কথা বলেন। ওয়াটারএইড বাংলাদেশের সহায়তায় প্রথম আলো কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
আলোচনায় বাড়ি ছাড়াও স্টেডিয়াম, রেলস্টেশন, বিমানবন্দর, বিশ্ববিদ্যালয়, উড়ালসড়কসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের স্থাপনায় বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা করার সুপারিশ করা হয়। পাশাপাশি জনসচেতনতা বাড়াতে কারিগরিসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠক্রমে বৃষ্টির পানি সংরক্ষণের বিষয় যুক্ত করার তাগিদ দেওয়া হয়। একাধিক বক্তা জাতীয় বিল্ডিং কোডে বৃষ্টির পানি সংরক্ষণের বিষয় যুক্ত করা এবং এ ব্যবস্থাটি বাধ্যতামূলক করে আইন করার প্রস্তাব করেন। বিশেষজ্ঞরা বৃষ্টির পানিকে গ্যাস ও কয়লার মতো গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে উল্লেখ করেন৷ বৈঠকে রাজধানীর বন্যাপ্রবাহ এলাকায় ৪ জুন তিনটি আবাসন প্রকল্পের অনুমোদন দেওয়ার সমালোচনা করা হয়৷
গোলটেবিলে সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম। ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, অধ্যাপক, প্রকৌশলী ও স্থপতিরা আলোচনায় অংশ নেন৷
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. ফিরোজ আহমেদ ‘পাওয়ার পয়েন্ট’ উপস্থাপনার মাধ্যমে বৃষ্টির পানি সংরক্ষণের সুবিধার দিক তুলে ধরেন৷ তিনি বলেন, এতে ভূগর্ভস্থ ও ভূ-উপরিস্থ উভয় ধরনের পানির ওপর চাপ কমবে। এ জন্য প্রধানত দরকার জনসচেতনতা।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (পরিকল্পনা) শেখ আবদুল মান্নান বলেন, ‘মিরপুরে ১৮ বছরে ভূগর্ভস্থ পানির স্তর ১৭০ ফুট নেমে গেছে। এটা অবশ্যই ভয়ংকর অবস্থা।’ তিনি বলেন, বাড়ি নির্মাণের নকশায় বৃষ্টির পানি সংরক্ষণব্যবস্থা রাখা বাধ্যতামূলক করার ব্যবস্থা হচ্ছে। এ জন্য বিধির খসড়া আইন মন্ত্রণালয়ে গিয়েছে৷
বৃষ্টির পানি সংরক্ষণে ওয়াসা কাজ করছে বলে জানান ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান৷ তিনি বলেন, ২০০৯ সাল থেকে ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে আনা হয়েছে৷ তবে ভূ-উপরিস্থ পানি ব্যবহারের জন্য শোধনাগার করতে নানা সমস্যা হচ্ছে। রাজধানী ও আশপাশের নদীগুলোর মারাত্মক দূষণের জন্য অতীতে কোনো দাতা সংস্থা আসতে চায়নি। এখন তিনটি শোধনাগার নির্মাণের প্রক্রিয়া চলছে। ২০১৯ সালের মধ্যে এগুলো চালু হবে। এর ফলে ভূ-উপরিস্থ পানির ব্যবহার হবে ৭০ শতাংশ এবং ভূগর্ভস্থ পানি ৩০ শতাংশ। আজকের চিত্রটি এর প্রায় বিপরীত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক কাজী মতিন ইউ আহমেদ সতর্ক করে দিয়ে বলেন, ভূগর্ভস্থ পানি আরও নামতে থাকলে নবায়নযোগ্যতা নষ্ট হয়ে যাবে। এ জন্য যেসব এলাকায় পানিস্তর বেশি নেমে গেছে, সেখানে ভূগর্ভে বিকল্পভাবে আবার পানি ভরার ব্যবস্থা করতে হবে। ব্যবহৃত পানি দিয়েও এটি করা সম্ভব। ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স (আইবি) ভূগর্ভের পানির শূন্য স্থান পূরণের তাগিদ দিয়েছে বলে উল্লেখ করেন প্রতিষ্ঠানটির সহসভাপতি মো. আবদুস সবুর৷ তিনি বলেন, বৃষ্টির পানি সংরক্ষণে আইন করা এবং নতুন ভবনের নকশা অনুমোদনের ক্ষেত্রে বিষয়টি বাধ্যতামূলক করা উচিত৷
পানি সমস্যা জাতীয় সমস্যার রূপ ধারণ করেছে মন্তব্য করে স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি মো. আহসানুল হক খান বলেন, বৃষ্টির পানি সংরক্ষণ করতেই হবে। তিনি জলাধার সংরক্ষণ আইন, ২০০০; ইমারত নির্মাণ বিধিমালা, ২০০৮সহ সংশ্লিষ্ট আইন বা বিধি প্রয়োগে একটি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠনের প্রস্তাব করেন। তিনি কাপড় ও হাতমুখ ধোয়া পানি টয়লেটে পুনর্ব্যবহারের প্রস্তাব করেন।
বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের মহাসচিব মো. আকতার মাহমুদ বলেন, বৃষ্টির পানি সংরক্ষণ পদ্ধতি চালু করতে গিয়ে

ব্যক্তিগত লাভের আশায় কেউ পরিকল্পনা ভন্ডুল করে দিচ্ছে কি না, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, রাজধানীতে ৫৮ শতাংশ জমিতে ভূগর্ভস্থ পানির স্তর আবার ভরার সুযোগ আছে।
রাজধানীতে তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) ছাড়া নতুন ভবনের অনুমোদন দেওয়া হবে না বলে কয়েক দিন আগের সরকারি ঘোষণার উল্লেখ করে ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশের সভাপতি আবু সাইদ এম আহম্মেদ বলেন, এটা আগে বসানো উচিত বড় সরকারি ভবনে। তিনি বাসাবাড়িতে ইটিপি বসানোর প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন৷
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ইসরাত ইসলাম বলেন, রাজধানীর কাজীপাড়ায় জরিপ করে দেখা গেছে, ৭০ শতাংশ মানুষ জানেন না, বৃষ্টির পানি সংরক্ষণ কীভাবে করা হয়। ১৬ শতাংশ মানুষ খরচের কথা ভাবেন। তিনি বলেন, বৃষ্টির পানি সংরক্ষণে আইন করতে হলে আইনের প্রয়োগও নিশ্চিত করতে হবে।
গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ আজিজুল হক বলেন, বৃষ্টির পানি সংরক্ষণ পানিসম্পদ বিষয়ে একটি নতুন মাত্রা যোগ করবে। তিনি কারিগরিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠক্রমে বৃষ্টির পানি সংরক্ষণের বিষয় যুক্ত করা এবং লাইসেন্সপ্রাপ্ত ঠিকাদারের সাহায্যে সংরক্ষণ পদ্ধতি প্রয়োগের সুপারিশ করেন।
স্থপতি ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সম্পাদক ইকবাল হাবিব বলেন, শক্তিশালী নগর ব্যবস্থাপক ছাড়া বৃষ্টির পানি সংরক্ষণ সম্ভব নয়। ঢাকা মহানগর উন্নয়ন পরিকল্পনায় শীতলক্ষ্যা ও বালু নদীর মধ্যবর্তী এলাকাটি বন্যাপ্রবাহ এলাকা বলে চিহ্নিত। অথচ এখানে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় তিনটি আবাসন প্রকল্পের অনুমোদন দিয়েছে। এর ফলে সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্প চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে।
রেইন ফোরাম সোসাইটির সাধারণ সম্পাদক এম আশরাফুল আলম বৃষ্টির পানি সংরক্ষণের ক্ষেত্রে সংগঠনটির বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন৷ তিনি বলেন, আগে স্বল্প পরিসরে বৃষ্টির পানি সংরক্ষণের কথা ভাবা হলেও এখন বৃহত্তর পরিসরে, এমনকি শিল্প-কারখানায় এবং বড় বাসাবাড়িতে সংরক্ষণের কথা ভাবা হচ্ছে।
হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ আবু সাদেক পানিস্তর পুনর্ভরণে ঢালাওভাবে প্লাস্টিকের পাইপ ব্যবহার না করা এবং বাসাবাড়িতে ব্যবহৃত পানি পুনর্ব্যবহারের সুপারিশ করেন।
ওয়াটারএইডের পরিচালক (কর্মসূচি) হাসিন জাহান বৃষ্টির পানি নিয়ে প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন৷ তিনি বলেন, ‘বৃষ্টির পানি গ্যাস ও কয়লার মতোই মূল্যবান।’ বৃষ্টির পানি সংরক্ষণব্যবস্থার খরচের হিসাব দিয়ে তিনি বলেন, একটি বাড়িতে শৌচাগার তৈরিতে পাঁচ থেকে সাত লাখ টাকা খরচ হয়, এখানেও এর চেয়ে বেশি হবে না।
স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি আহসানুল হক খান ও হাউজিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ আবু সাদেক বৈঠকে জানান, জাতীয় বিল্ডিং কোডে চলতি বছরই একটি আলাদা অধ্যায় করে বৃষ্টির পানি সংরক্ষণ এবং এ-সংক্রান্ত ব্যবস্থাপনার বিষয় বিস্তারিত তুলে ধরা হয়েছে।