বৃষ্টির পানি বাণিজ্যিকভাবে বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃষ্টির পানি প্রক্রিয়াজাত করে বাজারে বিক্রি হচ্ছে। ছবিটি খুলনার দাকোপ উপজেলার বাজুয়া ইউনিয়নের কঁাকড়াবুনিয়া শরিফ​েসর পানির প্ল্যান্ট থেকে গতকাল তোলা l প্রথম আলো
বৃষ্টির পানি প্রক্রিয়াজাত করে বাজারে বিক্রি হচ্ছে। ছবিটি খুলনার দাকোপ উপজেলার বাজুয়া ইউনিয়নের কঁাকড়াবুনিয়া শরিফ​েসর পানির প্ল্যান্ট থেকে গতকাল তোলা l প্রথম আলো

খুলনার দাকোপে বাণিজ্যিকভাবে বৃষ্টির পানি প্রক্রিয়াজাত ও বিপণন হচ্ছে। দাকোপসহ দেশের দক্ষিণাঞ্চলে সুপেয় পানির সংকট মোকাবিলায় এ ধরনের উদ্যোগ নেওয়া দরকার বলে মনে করছেন পরিবেশ বিশেষজ্ঞরা।
দাকোপের বাজুয়া ইউনিয়নের কাঁকড়াবুনিয়া গ্রামে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) বগুড়ার ‘সমন্বিত পানি ব্যবস্থাপনা প্রায়োগিক গবেষণা’ প্রকল্পের অধীনে সোর্স অব হোপ অ্যান্ড অ্যামবিশন-রেসটোরিং এনকারেজমেন্ট অ্যান্ড এন্ডিং ফিউটাইল স্ট্রাগেলর (শরিফস) বাস্তবায়ন করছে। সরকারের এলজিআরডি এবং পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অর্থায়নে এটি বাস্তবায়িত হচ্ছে।
জানা গেছে, গত বছরের ২৯ অক্টোবর এই পানি বাজারে ছাড়া হয়। প্রথম দিকে প্রতিদিন ৪০০-৫০০ লিটার বিক্রি হলেও এখন প্রতিদিন আড়াই হাজার লিটারের মতো বিক্রি হচ্ছে। প্রতিদিন ৩০ হাজার লিটার উৎপাদন ক্ষমতা আছে। প্রকল্প এলাকা থেকে ইঞ্জিনচালিত ভ্যানে করে এই পানি দাকোপের খুঁটাখালী বাজার, কালিনগর, চৌমুহনী, বাণীশান্তা, চালনা, পোদ্দারগঞ্জসহ বিভিন্ন বাজার ও মংলার বিভিন্ন বাজারের গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হয়। ফোন করলে গ্রাহকের বাড়ি পৌঁছে দেওয়া হয় এই পানি।
কিছুদিন আগেও এই অঞ্চলের সাধারণ মানুষের সুপেয় পানি সম্পর্কে ধারণা না থাকলেও বর্তমানে কোম্পানির পরিবেশকেরা তাদের কাছে থাকা টিডিএস মিটার ও ইলেকট্রোলাইজার (পানির গুণাগুণ পরিমাপক যন্ত্র) দিয়ে সুপেয় পানি এবং সাধারণ পানি পরীক্ষার মাধ্যমে সাধারণ জনগণকে সচেতন করে তুলতে পারছে। পানির দামও তুলনামূলক কম হওয়ায় এর গ্রাহকসংখ্যাও দিন দিন বাড়ছে। ওই সুপেয় পানি পানকারীদের মধ্যে আমাশয়, ডায়রিয়া, অ্যাসিডিটিসহ নানা রোগের প্রাদুর্ভাবও আশাব্যঞ্জক হারে  হারে কমে গেছে বলে বিভিন্ন এলাকার গ্রাহকদের সঙ্গে আলাপ করে জানা গেছে।
শরিফ্স পানির একজন গ্রাহক বাজুয়ার নূপুর সাহা প্রথম আলোকে বলেন, ‘আমাদের অঞ্চলের পানি খাওয়াই যায় না। তবে শরিফসের পানি খুব ভালো। এই পানি খাওয়ার পর আমাদের পরিবারের সবার অ্যাসিডিটির সমস্যা একদম নেই।’ একই কথা বললেন আরেক গ্রাহক অঞ্জলি সরকার।
গত শনিবার ওই প্রকল্প এলাকায় গিয়ে দেখা যায়, চার বিঘার একটি বড় পুকুরে ধরে রাখা হয়েছে বৃষ্টির পানি। সেখান থেকে যন্ত্রের মাধ্যমে পানি একটি বড় ট্যাংকে নেওয়া হচ্ছে। এরপর যন্ত্রের মাধ্যমে নয়টি ধাপে বিভিন্ন অপদ্রব্য অপসারণ করে স্টেইনলেস স্টিলের একটি ট্যাংকে জমছে পানি। সেখান থেকে পাত্রে ভরা হচ্ছে। পুকুরের পাড়ে দাঁড়ানো ভ্যানে শ্রমিকেরা পানির পাত্রগুলো উঠিয়ে দেওয়ার পর তা চলে যাচ্ছে বিভিন্ন এলাকায়। পানির দাম প্রতি লিটার দেড় টাকা। এক টাকা করে রেখে বাকি ৫০ পয়সা ভ্যানচালকদের দেওয়া হয়।
বেসরকারি প্রতিষ্ঠান শরিফসের কোষাধ্যক্ষ প্রসেন ব্রায়ান বলেন, পুকুরটি ১০ ফুট গভীর। এর তলদেশ ও পাড় থেকে ৫ ফুট দূর দিয়ে মাটির ১২ ফুট পর্যন্ত বিশেষ ধরনের পুরু পলিথিন ঢোকানো। এতে ভূগর্ভস্থ কোনো পানি ধরে রাখা বৃষ্টির পানির সঙ্গে মিশতে পারে না। ওই পুকুরে ১ কোটি ৩৩ লাখ লিটার পানির ধারণক্ষমতা আছে।
পানিতে দ্রবীভূত অবস্থায় যেসব পদার্থ থাকে, তার গুণমান পরীক্ষার নাম টোটাল ডিজলভ সলিড (টিডিএস)। তাদের কাছে থাকা টিডিএস মিটার দিয়ে পরীক্ষা করে দেখা যায়, এলাকার মানুষ যে পানি পান করে, তার টিডিএস ২৪৫। আর শরিফ্স পানির টিডিএস ১২-১৪। এ ছাড়া বাজারে প্রচলিত মিনারেল ওয়াটারের টিডিএস ১৫-১৯।
প্রসেন ব্রায়ান বলেন, ২০১৩ সালে প্রকল্পটি হাতে নেওয়া নয়। এরপর প্রথম বছর বৃষ্টির পানি ধারণ করা হলেও তা বিস্বাদ হওয়ায় পাম্প করে ফেলে দেওয়া হয়। পরের বছর বৃষ্টিতে পুকুর ভরে গেলে রিভার্স অটো মেশিন আনা হয়। এরপর ওই যন্ত্রের মাধ্যমে কার্বন, ম্যাংগানিজ, রেজিন, গ্রেডেড স্যান্ড ফিল্টার, অ্যালুমিনিয়াম সালফার, আলট্রা ভায়োলেট, রিভার্স অসমোসিস, মাইক্রন পলিশিং ফিল্টারিং, জেনেসিস ট্রিটমেন্টের মাধ্যমে পানি পরিশোধন করে একটি স্টেইনলেস স্টিলের ট্যাংকে রিজার্ভ করে রাখা হয়। সেখান থেকে বিশেষ ফুড গ্রেডিং পাত্রের মাধ্যমে বাজারজাত করা হয়।
বৃষ্টির পানি বিপণনের চিন্তা কীভাবে এল, তা জানতে চাইলে প্রসেন বলেন, তিনি ঢাকায় এক মার্কিন নাগরিক কুককে বাংলা শেখাতেন। তাঁর সঙ্গে চট্টগ্রামে ঘুরতে গিয়ে দেখেন, পাহাড়ের মধ্যে পলিথিন দিয়ে বৃষ্টির পানি ধরে রাখা হচ্ছে। তাঁর মাথায়ও চিন্তাটি আসে। এরপর তিনি বগুড়ার আরডিএতে গিয়ে জানেন, তাদের পানির প্রকল্প আছে। পরে তাদের বৃষ্টির পানি সংরক্ষণ করে বিতরণের কথা জানালে তারা একটি প্রকৌশলী দল নিয়ে আসে। সম্ভাব্যতা যাচাইয়ের পর প্রকল্প শুরু হয়।
খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক দিলীপ কুমার দত্ত প্রথম আলোকে বলেন, বৃষ্টির পানি সংরক্ষণ করে এই অঞ্চলের সুপেয় পানির সংকট মেটানো সম্ভব। আর বাণিজ্যিকভাবে বৃষ্টির পানি বিপণনের উদ্যোগ নিঃসন্দেহে খুবই ভালো।
শরিফসের মহাসচিব রওশন আরা মিলি বলেন, ‘খুলনা বিএসটিআইএ অনুমোদনের জন্য আবেদন করা হয়েছে। আগামী দু-তিন মাসের মধ্যে পেট বোতলে বিপণন করা হবে। তখন অনেক শ্রমিক প্রয়োজন হবে। সে সময় আমরা নারী শ্রমিকদের অগ্রাধিকার দেব।’