লবণাক্ততা ও আর্সেনিক দূষণসহ বিভিন্ন কারণে খুলনার কয়েকটি উপজেলায় দীর্ঘদিন ধরে সুপেয় পানির তীব্র সংকট চলছে। এ সংকট নিরসনে সংশ্লিষ্ট এলাকায় রেইন ওয়াটার হারভেস্টিং প্ল্যান্ট (প্লাস্টিকের ট্যাংকে বৃষ্টির পানি সংরক্ষণ) স্থাপনের উদ্যোগ নিয়েছে খুলনা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
খুলনা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, লবণাক্ততার কারণে সুপেয় পানির সবচেয়ে বড় সংকট তৈরি হয়েছে পাইকগাছা, কয়রা ও দাকোপ উপজেলায়। এসব উপজেলার অধিকাংশ স্থানেই ভূগর্ভে খাওয়ারযোগ্য পানির স্তর না পাওয়ায় গভীর নলকূপ চালু করা যায় না। অগভীর নলকূপের পানিতে রয়েছে মাত্রাতিরিক্ত লবণাক্ততা ও আর্সেনিক দূষণ। তাই এসব এলাকায় সুপেয় পানির অভাব সব সময়ই থাকে। এলাকার মানুষের পানির চাহিদা পূরণের জন্য পুকুর ও রেইন ওয়াটার হারভেস্টিং প্ল্যান্ট হচ্ছে ভরসা। বৃষ্টির পানি ধারণ করে তা এই প্ল্যান্টের মাধ্যমে ব্যবহার করা হয়। আবার অপরিকল্পিত চিংড়ি চাষ ও যথাযথ সংরক্ষণের অভাবে স্থানীয় পুকুরগুলোর অধিকাংশই মিঠাপানির আধার হিসেবে ব্যবহার করা যাচ্ছে না। কিছু কিছু এলাকায় রেইন ওয়াটার হারভেস্টিং প্ল্যান্ট থাকলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম। ফলে তিন উপজেলায় সুপেয় পানির সংকট চলছেই। বিশেষ করে শুষ্ক মৌসুমে এ সংকট আরও প্রকট হয়। রূপসা এলাকার অধিকাংশ অগভীর নলকূপগুলোতেও রয়েছে মাত্রাতিরিক্ত আর্সেনিকের প্রভাব।
পানির এ সংকট নিরসনে খুলনা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় কয়রা, পাইকগাছা ও দাকোপ উপজেলায় ৩১০টি রেইন ওয়াটার হারভেস্টিং প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নিয়েছে। এর মধ্যে দাকোপ উপজেলার বাজুয়া ইউনিয়নে ৩০টি, কৈলাশগঞ্জে ৩০টি, লাউডোবে ৩০টি, বানিশান্তায় ৩০টি, পাইকগাছা উপজেলার গড়ইখালীতে ৪০টি, লস্করে ৪০টি ও সোলাদানায় ৪০টি এবং কয়রা উপজেলায় ৭০টি প্ল্যান্ট স্থাপন করা হবে। এসব প্ল্যান্ট স্থাপনের ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৪৮ লাখ ৪৯ হাজার টাকা। চলতি বছরের জুনের মধ্যেই এ প্রকল্পের কাজ শেষ হবে। একই প্রকল্পের আওতায় রূপসা উপজেলায় স্থাপন করা হবে ৩০টি গভীর নলকূপ।
খুলনা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) শামীম আহমেদ বলেন, সুপেয় পানির সংকট আছে এমন এলাকাগুলোতে রেইন ওয়াটার হারভেস্টিং প্ল্যান্ট, গভীর ও অগভীর নলকূপ স্থাপন করা হচ্ছে। এ প্রকল্পের ৮০ শতাংশ কাজ ইতিমধ্যে শেষ হয়ে গেছে।
এ ছাড়া সরকারের ‘পল্লী অঞ্চলে পানি সরবরাহ’ প্রকল্পের আওতায় চলতি ২০১৫-১৬ ও আগামী ২০১৬-১৭ অর্থবছরে দাকোপ ও পাইকগাছা উপজেলার জন্য ৩৩টি অগভীর নলকূপ, ২৭টি রেইন ওয়াটার হারভেস্টিং প্ল্যান্ট, দাকোপ উপজেলার জন্য ১০টি মোডিফাইড তারা পাম্প এবং দাকোপ ও পাইকগাছা বাদে অন্য সাতটি উপজেলার জন্য গভীর নলকূপ স্থাপনসহ মোট ২৩১টি সুপেয় পানির উৎস তৈরির বরাদ্দ পাওয়া গেছে। এ প্রকল্পের কাজগুলো বাস্তবায়নের জন্য দরপত্র আহ্বানের প্রক্রিয়া চলছে।