বৃষ্টির পানি সুপেয় পানির চাহিদা মেটাতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপরিকল্পিত নগরায়ণ, জনসংখ্যা বৃদ্ধি ও শিল্পায়নের কারণে রাজধানীসহ দেশের বড় নগরগুলোতে সুপেয় পানির চাহিদা অনেক বেড়েছে। পানির চাহিদা মেটাতে বৃষ্টির পানি একটি সম্ভাবনাময় বিকল্প হতে পারে। গতকাল শুক্রবার রাজধানীর একটি অভিজাত হোটেলে ‘বাংলাদেশ কনভেনশন অন ওয়াটার হারভেস্টিং’ শীর্ষক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষজ্ঞরা এ কথা বলেন। দুই দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করেছে ওয়াটারএইড, বাংলাদেশ। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং, রেইন ফোরাম এবং সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট, ইন্ডিয়ার যৌথ সহযোগিতায় এ সম্মেলন হচ্ছে। সম্মেলনে বলা হয়, মাটির নিচের পানির ওপর অতিরিক্ত চাপ পড়ছে। পানির স্তর বিপজ্জনকভাবে নেমে যাচ্ছে। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লবণাক্ততা এবং সারা দেশে আর্সেনিক দূষণের কারণে নিরাপদ পানির অভাব বেড়েছে। এ পরিস্থিতিতে বৃষ্টির পানি ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে অনুষ্ঠানে একাধিক আলোচক বলেন, বৃষ্টির পানি সংরক্ষণ ও তার ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজনে আইন করতে হবে। বৃষ্টির পানির সংরক্ষণ ও ব্যবহার বাধ্যতামূলক করার চেষ্টা করতে হবে। এ ব্যাপারে জনসচেতনতা গড়ে তুলতে হবে।অনুষ্ঠানে সূচনা বক্তব্যে ওয়াটারএইড বাংলাদেশের দেশীয় প্রতিনিধি মো. খায়রুল ইসলাম বলেন, বৃষ্টির পানির সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারলে দেশের সুপেয় পানির অভাব অনেকাংশেই মেটানো সম্ভব। সম্মেলনের উদ্বোধক ও বিশেষ অতিথি পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেন, বৃষ্টির পানি সংরক্ষণের বিষয়টিকে সরকার গুরুত্বের সঙ্গে দেখছে ও জনপ্রিয় করে তোলার জন্য কাজ করছে। অপর বিশেষ অতিথি শ্রীলংকার পানি সরবরাহ ও ড্রেনেজবিষয়ক মন্ত্রী দিনেশ গুনাবর্ধনা বলেন, বৃষ্টির পানির সঠিক ব্যবহারের মাধ্যমে পরিবেশবান্ধব উন্নয়ন সম্ভব। এটা অনেক দেশেই পরীক্ষিত। ভারতের ‘সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট’ নগর পানি ব্যবস্থাপনা প্রকল্পের কর্মসূচি পরিচালক সুরেশ কুমার রোহিলা বলেন, বাংলাদেশে প্রতিবছর গড়ে দুই হাজার ১৫০ মিলিমিটার বৃষ্টিপাত হয়, যা বিশ্বের গড় বৃষ্টিপাতের চেয়ে ৮০০ মিলিমিটার বেশি। বৃষ্টির পানি পান করা এবং গৃহস্থালির কাজে ব্যবহারের ব্যাপারে মানুষ খুব বেশি পরিচিত নয় বলে বিপুল পরিমাণ পানি অব্যবহূত থেকে যাচ্ছে। রেইন ফোরামের সভাপতি আজিজুল হক বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ জাতীয় নির্মাণ বিধিমালা ও ইমারত নির্মাণ বিধিমালায় ভবন নির্মাণের ক্ষেত্রে বৃষ্টির পানি ধারণ ও ব্যবহারের বিষয়টি যুক্ত করতে পারে।