টানা বৃষ্টিতে ভোলার সাত উপজেলার প্রায় ৫০ হাজার হেক্টর ফসলি খেত প্লাবিত হয়েছে। এতে লোকসানের মুখে পড়েছেন কৃষকেরা। সবজিচাষিদের অনেকে ঋণ করে আবারও ফসল আবাদের কথা ভাবছেন।
সরেজমিন ঘুরে দেখা যায়, যেসব সবজিখেত ডুবে গেছে, সেসব খেতের শসা, করলা, চিচিঙ্গা, বরবটি, চালকুমড়া, বেগুন, মরিচগাছ পচে শুকিয়ে গেছে। ডুবে আছে পান, আউশ ও আখখেত। কৃষকেরা খেতের পানি সরাতে পাম্প ব্যবহার করছেন। আর সবজিচাষিরা নতুন করে খেত তৈরি করছেন ঈদ সামনে রেখে। কৃষকেরা জানান, ২১ জুন থেকে ২৮ জুন পর্যন্ত টানা বৃষ্টিতে ভোলার সাতটি উপজেলার প্রতিটি গ্রাম ও পৌরসভার বাড়িঘর, রাস্তাঘাট ডুবে যায়।
চরফ্যাশন উপজেলার আবুগঞ্জ গ্রামের কৃষক আজিজুল হক মিস্ত্রি বলেন, ‘বৃষ্টির পানি আমগো খ্যাতের সব ভাসাই লই গেছে। আমগো অ্যাহন ভাত খাইতো দায় পরি গেছে। দায়দ্যানা করি কোনোরুম চাউল কিনি।’ পানিতে তাঁর এক একর জমির সবজি ভেসে গেছে।
আজিজুল হক ও তাঁর স্ত্রী শাহিনুর বেগম বলেন, যে ফলন হয়েছিল, তাতে দুই থেকে আড়াই লাখ টাকার সবজি বিক্রি হওয়ার কথা। কিন্তু লাভ তো দূরের কথা, এখন চাষাবাদের খরচের দেড় লাখ টাকাও উঠবে না। এখন আবার ঋণ করে আবাদ করার কথা ভাবছেন আজিজ।
চরফ্যাশন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জিল্লুর রহমান বলেন, তাঁর ১৬ শতাংশের শসা, ১৯ শতাংশের করলা, ৮ শতাংশের ঢ্যাঁড়স ও ৩২ শতাংশের মরিচ বৃষ্টির পানিতে ডুবে প্রায় ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে। একই উপজেলার উত্তর মাদ্রাজ গ্রামের হায়দার আলীর খেতের প্রায় ৪৫ হাজার টাকার সবজি ডুবে গেছে।
চরফ্যাশন উপজেলা আদর্শ চাষি উন্নয়ন সমিতির সভাপতি ফারুক হোসেন বলেন, উপজেলা থেকে ১২ মাস বিভিন্ন রকমের সবজি ট্রাকে করে জেলার বাইরে যাচ্ছে। বৃষ্টির পানিতে কৃষকেরা ক্ষতির শিকার হচ্ছেন। জুনের শুরুর দিকে বৃষ্টিতে উপজেলার ২৫ হাজার কৃষকের ২০০-৩০০ কোটি টাকার ক্ষতি হয়েছে।
আসলামপুরের ইব্রাহীম বুলাই জানান, পানিতে তাঁর আমন ধানের বীজতলা নষ্ট হয়েছে। এ ছাড়া ১৬০ শতাংশ জমির শসা, বরবটি, বেগুনখেত ডুবে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
জেলার সদর, দৌলতখান, বোরহানউদ্দিন, লালমোহন, তজুমুদ্দিন, চরফ্যাশন, মনপুরা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তারা বলেন, বৃষ্টির পানিতে জেলার ৫০ হাজার ৬৯০ হেক্টর ফসলি খেত প্লাবিত হয়েছে।
এর মধ্যে আউশের খেত আছে ৪৭ হাজার ৫১৯ হেক্টর, সবজিখেত ২ হাজার ৭৯১ হেক্টর এবং ৩৮০ হেক্টর পানের বরজ।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক প্রশান্ত কুমার সাহা বলেন, ক্ষতির তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হবে। যদি কোনো বরাদ্দ আসে, তবে তা কৃষকদের পৌঁছে দেওয়া হবে।