কয়েক দিনের টানা বৃষ্টিতে মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় ১ হাজার ৪৩৫ একর জমির বোরো ধান তলিয়ে গেছে। ভারী বৃষ্টিতে কিশোরগঞ্জের নিকলী উপজেলার গুরুই ইউনিয়নের ভোলার হাওর ও রোয়াবিলের প্রায় ১ হাজার ২০০ একর পাকা ধান পানিতে তলিয়ে গেছে। ওই বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য এ ইউনিয়নের একটি মরা খাল পলি জমে ভরাট হয়ে যাওয়ায় এ অবস্থা হয়েছে। এতে এলাকার কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন।
গতকাল বুধবার কাউয়াদীঘি হাওরের রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের অন্তেহরি এলাকায় দেখা গেছে, পাকা ধান পানির নিচে তলিয়ে গেছে। কৃষকেরা হাঁটুপানি ও কোমরপানিতে নেমে আধা পাকা ধান কেটে আনার চেষ্টা করছেন। অন্তেহরি গ্রামের বাবুল মিয়া বলেন, তাঁর ছয় কিয়ার (বিঘা) জমিনের পাকা ধান পানিতে তলিয়ে গেছে। এ হাওরের রাজনগর উপজেলার গোবিন্দপুর, বেতাহুঞ্জা, ননিয়ারপাড়, মোকামবাজার, অন্তেহরি, মুজাহিদপুর, মুজেফর, সাদাপুর, আবদুল্লাহপুর, কাশিমপুর, ইসলামপুর, রশিদপুর, সোনাপুর এলাকার ধান বেশি ক্ষতির মুখে পড়েছে। রাজনগর কৃষি বিভাগ জানিয়েছে, কাউয়াদীঘি হাওরের রাজনগর উপজেলা এলাকায় গতকাল বুধবার দুপুর পর্যন্ত ৭২ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে।
রাজনগর উপজেলা কৃষি কর্মকর্তা শেখ আজিজুর রহমান গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, গত রাতে (মঙ্গলবার দিবাগত রাত) বিদ্যুৎ ছিল না। তাই সেচ দেওয়া যায়নি। এতে হাওরে পানি বেড়ে গেছে।
কাউয়াদীঘি হাওরের (কাউয়াদীঘি রাজনগর ও সদর উপজেলার মধ্যে পড়েছে) কাইঞ্জার হাওর, শ্যাওড়াজুড়ী, হাইল হাওর ও আনিকেলিবোদা এলাকায় ৯০ হেক্টরের জমির বোরো ফসল পানির নিচে তলিয়ে গেছে। সদর উপজেলা কৃষি কর্মকর্তা সুব্রত কান্তি দত্ত গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘এই কয় দিনে ১২৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আমরা কৃষকদের পাকা ধান কেটে ফেলতে উদ্বুদ্ধ করছি।’ শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মো. হারুনুর রশীদ বলেন, গত রোববার থেকে গতকাল বুধবার পর্যন্ত মৌলভীবাজারে ১৯০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ির পরিচালক (সরেজমিন উইং) চৈতন্য কুমার দাস ও সিলেটের অতিরিক্ত পরিচালক কৃষ্ণচন্দ্র হোর গতকাল বুধবার মৌলভীবাজার জেলার কমলগঞ্জ, শ্রীমঙ্গলসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল পর্যন্ত বড়লেখা, জুড়ী, কুলাউড়া, রাজনগর, কমলগঞ্জ, শ্রীমঙ্গল ও সদর উপজেলায় ৫৮১ হেক্টর বোরো ফসল পানির নিচে তলিয়ে যায়। এই কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শাহাজান বলেন, ‘অসময়ে পানি এসে গেছে। এই সময়ে সাধারণত এত বৃষ্টি হয় না। এ জন্য কৃষকেরা প্রস্তুত ছিল না। বৃষ্টি বন্ধ হয়ে গেলে পানি কমে যাবে। ক্ষতি কম হবে।’
নিকলী উপজেলার গুরুই ইউনিয়নের কৃষকেরা জানান, গত বৃহস্পতিবার দুপুর থেকে গত সোমবার পর্যন্ত মুষলধারে বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির পানি জমে গুরুই ইউনিয়নের ভোলার হাওর ও রোয়াবিলের ১ হাজার ২০০ একর জমির পাকা বোরো ধানের জমি ডুবে গেছে। বর্তমানে ধানগাছ দুই ফুট পানির নিচে তলিয়ে আছে। এ অবস্থায় ধান কাটা সম্ভব না। বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য গুরুই ইউনিয়নের তিন কিলোমিটার মরা খাল ছিল। কিন্তু পলি জমে খালটি ভরাট হয়ে যাওয়ায় এখন পানি নামছে না।
গতকাল সকালে ভোলার হাওর ও রোয়াবিল ঘুরে দেখা যায়, বৃষ্টির পানিতে জমির ধান প্রায় দুই ফুট পানির নিচে তলিয়ে আছে। ওই জায়গায় যে বোরো ধানের জমি ছিল প্রথমে দেখলে তা বোঝা যাবে না। কোনো কোনো জমির কয়েকটি ধানের শিষ পানির উপড়ে দেখা যায়। গুরুই পালপাড়ার কৃষক রাসু মিয়া বলেন, ‘আমি সারা বছর দিনমজুরের কাজ করে ৪৫ হাজার টাকা দিয়ে তিন একর জমি জমির মালিকের কাছ থেকে পত্তন নিয়ে ব্রি-২৮ জাতের ধানের চাষ করেছিলাম। জমি চাষ করতে গিয়ে সুদে আরও ৫০ হাজার টাকা এনেছি। এখন সব ধান বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ায় কী করব বুঝে উঠতে পারছি না।’
নিকলী উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ হারুন অর রশিদ বলেন, ‘আমি খবর পেয়ে গত মঙ্গলবার ভোলার হাওর ও রোয়াবিল দেখে এসেছি। ওই দুটি হাওরের পানি নিষ্কাশনের জন্য যে খালটি ছিল সেটি ভরাট হওয়ায় বোরো ধান তলিয়ে গেছে। আগামী বছর বোরো মৌসুমের আগেই মরা খালের তিন কিলোমিটার খনন করার জন্য বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের সেচ বিভাগের কাছে চিঠি পাঠানো হবে।’