বৃষ্টির পানিতে প্লাবিত অভয়নগর
টানা বর্ষণে যশোরের অভয়নগর উপজেলার লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। অসংখ্য বাড়িঘর, মাছের ঘের, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান পানিতে তলিয়ে গেছে। পানি ও খাওয়ার কষ্টে আছে দুর্গত বাসিন্দারা।
গত শনিবার (১৩ আগস্ট ২০১৬) দুপুরে দেখা যায়, অভয়নগর উপজেলার ডহর মশিয়াহাটী গ্রামের অনেক বাড়ির উঠানে পানি থই থই করছে। রান্নাঘর, গোয়ালঘরেও ঢুকে পড়েছে পানি।
অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর এবং খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার একটা বড় অংশ নিয়ে ভবদহ অঞ্চল। পলি পড়ে এ অঞ্চলের পানিনিষ্কাশনের একমাত্র মাধ্যম মুক্তেশ্বরী, টেকা, শ্রী ও হরি নদী নাব্যতা হারিয়েছে। নদী দিয়ে পানি নিষ্কাশিত হচ্ছে না। এ অবস্থায় বৃষ্টির পানিতে এলাকার বিলগুলো প্লাবিত হয়েছে। বিল উপচে পানি ঢুকেছে গ্রামগুলোতে। গ্রামের বাসিন্দারা বললেন, প্রতিদিন এক-দুই ইঞ্চি করে পানি বাড়ছে।

অভয়নগর উপজেলার ডুমুরতলা গ্রামে বাড়ির চারদিকে শুধু পানি আর পানি। চলাচলের জন্য বাঁশের সাঁকো বানাচ্ছেন এক দম্পতি।

অভয়নগরের রাজাপুর গ্রামের পানিতে ডুবে যাওয়া বাড়ির উঠানে ছোট ডিঙি নৌকা নিয়ে চলাচল করছেন এক নারী।

অভয়নগরের ডহর মশিয়াহাটী গ্রামে রমেশ-রিতা মণ্ডল দম্পতির বাড়িতে পানি থই থই করছে। বসবাসের উপায় না পেয়ে সড়কে ঘর তুলছেন।

অভয়নগরের ডুমুরতলা গ্রামে তলিয়ে যাওয়া একটি বসতবাড়ি। খাবার পানিও পাওয়ার উপায় নেই।

অভয়নগরের ডুমুরতলা গ্রামে একটি বাড়ির উঠান পানিতে সয়লাব। জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করছেন একজন।

অভয়নগর উপজেলার ডুমুরতলা সড়কটি পানিতে তলিয়ে গেছে।