বৃষ্টির জমে থাকা পানিতে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লিটন হাওলাদার (৩০) নামে দোকানের এক কর্মচারী প্রাণ হারিয়েছেন। গতকাল বুধবার কদমতলীর আয়েশা মোশাররফ মার্কেটের পূর্ব ফটকে এ ঘটনা ঘটে।
ব্যবসায়ীরা বলেন, গতকাল সকালে আয়েশা মোশাররফ মার্কেটের পূর্ব ফটকের সামনে বৃষ্টির পানি জমে যায়। সেখানে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে ছিল। বেলা সাড়ে ১১টার দিকে ওই মার্কেটের আল মদিনা কাপড়ের দোকানমালিক মো. ইউনূস (৪৫), তাঁর ভাগনে সাইদুল ইসলাম (৩৪) ও কর্মচারী মো. লিটন (৩০) পানির মধ্য দিয়ে হেঁটে মার্কেটে ঢোকার উদ্দেশে দোকানে যাচ্ছিলেন। একপর্যায়ে একে একে তিনজনই বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁদের উদ্ধার করে বেলা পৌনে ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক দোকানের কর্মচারী লিটনকে মৃত ঘোষণা করেন।
দোকানমালিক মো. ইউনূস ও তাঁর ভাগনে সাইদুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন আছেন। লিটনের বাবার নাম ইসমাইল হাওলাদার। তিনি যাত্রাবাড়ীর দক্ষিণ দনিয়ায় শাহী মসজিদ এলাকায় থাকেন।
ঘটনা তদন্তকারী কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) জয় কৃষ্ণ বলেন, আশপাশের লোকজন বিদ্যুতের সংযোগ বন্ধ রেখে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া ব্যক্তিদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান।