বৃষ্টির পানিতে ভবদহের বিলগুলো প্লাবিত
তিন দিনের টানা বৃষ্টির পানিতে যশোরের ভবদহ অঞ্চলের বিলগুলো তলিয়ে গেছে। এলাকার পানি নিষ্কাশনের মাধ্যম মুক্তেশ্বরী, শ্রী, হরি ও টেকা নদীর তলদেশ পলি জমে উঁচু হয়ে পড়েছে। ফলে শ্রী নদীর ওপর অবস্থিত ভবদহ স্লুইসগেট দিয়ে পানি নিষ্কাশন হচ্ছে না। এ অবস্থায়, বৃষ্টির পানির চাপে বিলগুলো প্লাবিত হয়েছে। এতে ভেসে গেছে বিলের অনেক মাছের ঘের।
যশোরে গত বুধবার দুপুর থেকে বৃষ্টি শুরু হয় এবং গত শুক্রবার রাত পর্যন্ত তা অব্যাহত ছিল। এর মধ্যে কয়েক ঘণ্টা ভারী বর্ষণ হয়। বিল কপালিয়ায় প্রস্তাবিত জোয়ারাধার চালু করতে না পারা, এলাকার কোনো বিলে বর্তমানে জোয়ারাধার কার্যকর না থাকা ও যশোর শহরসহ ভবদহ অঞ্চলের পানি নিষ্কাশনের পথ মুক্তেশ্বরী, শ্রী, হরি ও টেকা নদী পলিতে ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন হচ্ছে না। ফলে বৃষ্টির পানিতে সব বিলই ভরে উঠেছে। এরপর বৃষ্টির পানির অব্যাহত চাপে পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠেছে। পানির চাপে ভবদহ স্লুইসগেটের সামনে শ্রী নদীতে ভাঙন দেখা দিয়েছে।
গতকাল শনিবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, ২১টি কবাটের ভবদহ স্লুইসগেটের কবাটগুলো খোলা হচ্ছে। এ সময় নদীতে ভাটা চলছিল। তাতেও খুব বেশি পানি নিষ্কাশন হচ্ছে না। স্লুইসগেটের বিপরীত পাশে বৃষ্টির পানির তোড়ে শ্রী নদীতে ভাঙন শুরু হয়েছে। পানি উন্নয়ন বোর্ড, যশোরের কার্যসহকারী ফারুক আহমেদ মোল্যা বলেন, ‘যেমন জোয়ারের চাপ তেমনি আবার উজানের পানির চাপও। আমরা এত দিন জোয়ার ও ভাটার সময় পাঁচটি কবাট খুলে রেখেছিলাম। এখন ভাটায় ১৩টি এবং জোয়ারে তিনটি কবাট খুলে রাখছি। পলি জমে নদী ভরাট হয়ে যাওয়ায় তাতেও ঠিকমতো পানি বের হচ্ছে না।’
এরপর বিল কেদারিয়ায় গিয়ে দেখা গেছে, বিলটি পানিতে টইটম্বুর। অভয়নগর উপজেলার বেদভিটা গ্রামের প্রফুল্ল কুমার বিশ্বাস বলেন, ‘আমাদের মাছের ঘেরটি জলে প্রায় তলিয়ে গেছে। নেট দিয়ে কোনোরকমে মাছ রক্ষা করেছি। তবে বিলের অনেক মাছের ঘের তলিয়ে গেছে। ভবদহ দিয়ে পানি তেমন বের হচ্ছে না। পরিস্থিতি সামাল দিতে মাছের ঘেরের মালিকেরা শ্রমিকদের দিয়ে ভাটায় সময় ভবদহ স্লুইসগেটের কবাট উঠিয়ে রাখছেন।’ বলারাবাদ গ্রামের সুভাষ ঢালী বলেন, ‘বিল ভরে পানি ওপরের দিকে আসছে। আরও বৃষ্টি হলে বিল উপচে জল বিলসংলগ্ন গ্রামগুলো প্লাবিত হবে।’
মনিরামপুর উপজেলার কুচলিয়া গ্রামের অনিক বিশ্বাস বলেন, ‘বৃষ্টির জলে ভবদহ অঞ্চলের সবচেয়ে বড় বিল বোকড়ের মাছের ছোট ছোট ঘেরগুলো তলিয়ে গেছে। উজানের জল আসা অব্যাহত আছে। বড় ঘেরগুলোও ভেসে যাওয়ার উপক্রম হয়েছে।’
অভয়নগর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা আনিছুর রহমান বলেন, ‘অবিরাম বর্ষণে উপজেলার ভবদহ অঞ্চলের মাছের প্রায় দুই শ ঘের প্লাবিত হয়েছে। তবে নেট দিয়ে ঘেরের চারপাশ ঘিরে রাখায় ঘের থেকে তেমন একটা মাছ ভেসে যায়নি। আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছি।’