রাজশাহীর চারঘাট ও পবা উপজেলার একটি খাল বেদখল হয়ে গেছে। এখন প্রতিবছর বৃষ্টির পানিতেই চারঘাটের সাতটি গ্রামে বন্যা হচ্ছে। বৃষ্টি বেশি হলে পবা উপজেলার কয়েকটি গ্রামেও এই দুর্যোগ ছড়িয়ে পড়ে।
এবার বৃষ্টির পানিতে জলাবদ্ধতার কারণে অনাবাদি হয়ে আছে প্রায় ৫০০ একর ফসলি জমি। পানি ঢুকে পড়ছে বাড়িঘর ও মুরগির খামারে। এরপরেও খালটি দখলমুক্ত ও সংস্কার করার কোনো উদ্যোগ নেই।
এলাকাবাসী সূত্র জানায়, রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়নের সাহাপুর নগরপাড়ায় পদ্মা নদী থেকে একটি খাল রাজশাহী শহরের উপকণ্ঠে অবস্থিত কাটাখালী পৌর এলাকার ভেতর দিয়ে বের হয়ে পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের ভেতর দিয়ে দুর্গাপুর উপজেলার দিগড়ের বিলে গেছে। প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ এই খাল দিয়ে পদ্মা নদীর পানি বিভিন্ন বিলে চলাচল করত। খালের পানি দিয়ে কৃষকেরা আবাদ করতেন। দীর্ঘদিন সংস্কার না করার ফলে প্রায় ৪০ ফুট চড়া এই খালটি সরু হয়ে আস্তে আস্তে ভরাট হয়ে যেতে থাকে। কোনো কোনো জায়গায় এই খাল বেদখল হয়ে গেছে। সবচেয়ে করুণ অবস্থা হয়েছে কাটাখালী পৌর এলাকার অংশে। পৌর এলাকার ভেতরে কাটাখালী বাজারের সব আবর্জনা ফেলা হয় এই খালে। দোকানঘরের পিলারের সঙ্গে আবর্জনা জড়িয়ে কোথাও কোথাও খালটি একবারেই বন্ধ হয়ে গেছে। ইতিমধ্যে এর ওপরে খুঁটি পুঁতে দোকানপাট উঠে গেছে। দোকানের ফাঁকে ফাঁকে ফেলা হয় হাটের বর্জ্য।
গতকাল শনিবার চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়নের মিরকামারী, কাঁকালকাঠি, বেলঘরিয়া, দালালপাড়া সাহাপুর, টাঙন ও নওদাপাড়া গ্রাম ঘুরে দেখা গেছে, বিস্তৃত এলাকার জমিতে পানি জমে রয়েছে। ২০-২৫ জন এলাকাবাসী বলেন, প্রস্তুতি নিয়েও কৃষকেরা জমিতে ধান রোপণ করতে পারেননি। যাঁরা রোপণ করেছিলেন, তাঁদের ধান ডুবে গেছে। কৃষকদের হিসাবমতে, প্রায় ৫০০ একর জমি এই জলাবদ্ধতার কারণে অনাবাদি পড়ে রয়েছে। ১০০ পরিবার এক মাস ধরে পানিবন্দী হয়ে আছে।
চারঘাটের কাঁকালকাঠি গ্রামের কৃষক ইয়াদুল্লাহ (৫০) বলেন, তিনি আড়াই বিঘা জমিতে ধান রোপণ করেছিলেন। সবই ডুবে নষ্ট হয়ে গেছে। অনেকে আবার ধান রোপণ করতেই পারেননি। গ্রামের ব্যবসায়ী মেরাজুল ইসলামের স্ত্রী নাসরিন বেগম (২২) বলেন, তাঁদের বাড়িতে এবং বাড়ির বাইরে দুটি মুরগির খামার রয়েছে। এতে এক হাজার মুরগি ছিল। জলাবদ্ধতার কারণে গ্যাসের সৃষ্টি হয়ে ৪০০ মুরগি মারা গেছে। এরপর থেকে খামারে আর মুরগি ওঠাতে পারেননি। নাসরিন বেগমের বাড়িতে গিয়ে দেখা যায়, উঠানে এখনো পানি জমে রয়েছে। বাড়ির বাইরের খামারের কাছে হাঁটুর ওপরে পানি। সেখানে হাঁস ভেসে বেড়াচ্ছে।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, ১৯৭৪-৭৫ সালের দিকে সর্বশেষ এই খাল সংস্কার করা হয়েছে। তারপর আর কোনো সংস্কার করা হয়নি। এতে খাল একদিকে ভরাট হয়েছে, অন্যদিকে দখল হয়ে গেছে। ইউসুফপুর ইউনিয়নের নওদাপাড়ায় একটি সেতুর মুখ দখল হয়ে যাওয়ার কারণে গ্রামগুলোর দক্ষিণ মাঠে পানি আটকে রয়েছে। নওদাপাড়ার সাদেম আলী সেতুর মুখে খালের দখল নিয়েছেন। বাড়িতে গিয়ে সাদেম আলীকে পাওয়া যায়। তিনি দাবি করেন, এটা কোনো সরকারি খাল নয়। তাঁদের ব্যক্তিমালিকানাধীন জমির ওপর দিয়ে খাল খনন করা হয়েছিল। খালের এই অংশটি তাঁর বোনের জমি। বোন বিক্রি করে দিয়েছেন। সাইফুল ইসলাম নামের এক ব্যক্তি কিনে নিয়ে খাল ভরাট করেছেন। খোঁজ নিয়ে সাইফুলকে পাওয়া যায়নি। ফোন নম্বর না পাওয়ায় তাঁর সঙ্গে যোগাযোগও করা সম্ভব হয়নি।
ইউসুফপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, তিনি নিজে বিএনপি-সমর্থক হওয়ার কারণে এখন আওয়ামী লীগের মন্ত্রী তাঁর কথা শুনবেন না। এ জন্য তিনি তাঁর কাছে যেতে পারছেন না। কোনো কাজও করাতে পারছেন না। তবে ব্যক্তিগতভাবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের বিষয়টি বলেছেন। তাঁরা এ ব্যাপারে কোনো উদ্যোগ নেননি।
কাটাখালী পৌরসভার মেয়র মাজেদুর রহমান বর্তমানে নাশকতার মামলার আসামি হিসেবে কারাগারে রয়েছেন। এ জন্য তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।