বৃষ্টির বিকেলে অবিন্তা কবীরের বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিহত অবিন্তা কবীরের বাসভবনের নিচে ফুল দিয়ে সাজানো হয়  তাঁর ছবি l ছবি: প্রথম আলো
নিহত অবিন্তা কবীরের বাসভবনের নিচে ফুল দিয়ে সাজানো হয় তাঁর ছবি l ছবি: প্রথম আলো

আকাশ কালো হয়ে ঝুম বৃষ্টি। বিকেল চারটা ১০ মিনিটে লাশবাহী গাড়ি ঢুকল বারান্দায়। বাড়ির মূল ফটক দোলনচাঁপা ও রজনীগন্ধা ফুল দিয়ে সাজানো। গাড়ির বারান্দাতেও রজনীগন্ধার ঝাড়। সেখানে একটি বড় ফ্রেমের ছবিতে মেয়ের চশমা চোখে, চুল খোলা, হাসিমাখা মুখ। আগরবাতির গন্ধের সঙ্গে মিশে আছে রজনীগন্ধা, দোলনচাঁপার গন্ধ।
লাশবাহী গাড়ি যখন বের হতে শুরু করেছে তখন ঘড়ির কাঁটায় চারটা ৩০ মিনিট। তখনো আকাশের কান্না থামেনি।
চিরচেনা বাড়ি থেকে অবিন্তা কবীরের শেষযাত্রা। যুক্তরাষ্ট্রের আটলান্টার ইমোরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অবিন্তা কবীর। বাংলাদেশি বংশোদ্ভূত এই মার্কিন নাগরিক ল্যাভেন্ডার গ্রুপের মালিক মনজুর মোরশেদের নাতনি। ঈদের আগে এসেছিলেন বাংলাদেশে। গত শুক্রবার সন্ধ্যায় গিয়েছিলেন রাজধানীর গুলশানের রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে। সেখানে জঙ্গি হামলায় প্রাণ হারান তিনি। গতকাল সোমবার বাদ আসর গুলশানের আজাদ মসজিদে তাঁর জানাজা হয়। তারপর বনানী কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।
এলিগ্যান্ট গ্রুপের কর্মকর্তা লিয়াকত হোসেন এর আগে প্রথম আলোকে জানিয়েছিলেন, গুলশানে জঙ্গি হামলার পর শিল্পগোষ্ঠীটির চেয়ারম্যান রুবা আহমেদ নিজেই একমাত্র মেয়ে অবিন্তা কবীরের লাশ শনাক্ত করেন। অবিন্তার বাবা ইহসানুল কবীর রোববার রাতে দেশে ফিরেছেন।
গতকাল আর্মি স্টেডিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবিন্তা কবীরের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেন। তারপর তাঁর লাশ নেওয়া হয় গুলশান ৫০ নম্বর সড়কের ২ নম্বর বাড়িতে। এরপর থেকেই বাড়িতে আসতে থাকেন আত্মীয়স্বজন। অধ্যাপক আনিসুজ্জামানসহ অন্য গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ মঙ্গলবার বাদ আসর গুলশানের বাসভবনে অবিন্তা কবীরের কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।