বৃষ্টির মধ্যেও জমে উঠেছে প্রথমার বইমেলা
ঝিরিঝিরি বৃষ্টি সত্ত্বেও আজ রোববার সকাল থেকেই জমে উঠেছে প্রথমা প্রকাশনের বইমেলা। রাজধানীর গণগ্রন্থাগারে দ্বিতীয় তলার সেমিনার কক্ষে এ বইমেলা চলছে।
আগত দর্শনার্থীরা জানালেন, বইয়ের মূল্যছাড় বেশি হওয়ায় তাঁরা এ বইমেলায় এসেছেন।
প্রথমা প্রকাশনের ব্যবস্থাপক নীলাদ্রি ঘোষ জানান, ‘গতকাল প্রায় সোয়া লাখ টাকার বই বিক্রি হয়েছে। আশা করি, আমাদের লক্ষ্যমাত্রা পূরণ হবে। সকালে দুর্যোগপূর্ণ আবহাওয়া হওয়ায় উপচে পড়া ভিড় হয়নি। তবে দুপুরের খাবারের পর মেলা আরও জমে উঠবে বলে আমরা আশা করছি।’
এ মেলায় প্রথমা প্রকাশনের বই বিক্রি হচ্ছে ৩০ থেকে ৫০ শতাংশ কমিশনে। এ ছাড়া প্রথমা বইয়ের দুনিয়ার বেশ কিছু দেশি ও ভারতীয় বই, সাময়িকী ও লিটল ম্যাগাজিন বিক্রি হবে ৫০ থেকে ৭০ শতাংশ কমিশনে। শুক্রবার ছাড়া প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত বইমেলা খোলা থাকবে। মেলা চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত।