
মঙ্গলবার সকাল থেকে দিনভর বৃষ্টিতে পাল্লা দিয়ে বাড়তে থাকে মিরপুরবাসীর ভোগান্তি। গতকালের বৃষ্টিতে মিরপুর এলাকায় জলাবদ্ধতার কোনো দৃশ্য দেখা যায়নি, তবে চোখে পড়েছে পথচলতি মানুষের ভোগান্তি।
থেমে থেমে বৃষ্টি, তার ওপর উন্নয়নকাজের জন্য মিরপুরের বেশ কিছু রাস্তা খুঁড়ে রাখায় যানবাহনের গতি ছিল ধীর। এ ছাড়া টানা বৃষ্টিতে গণপরিবহনের সংকটে বিপাকে পড়ে অফিসগামী যাত্রী ও শিক্ষার্থীরা।
বেলা আড়াইটার দিকে শেওড়াপাড়া বাসস্ট্যান্ড থেকে মিরপুর ১০ নম্বর গোলচত্বর পর্যন্ত সড়কের দুই পাশে শত শত গাড়ি যানজটে আটকা থাকতে দেখা যায়। আশপাশের গলিগুলোর কয়েকটি কেটে ফেলে রাখায় বৃষ্টির পানিতে কোনটা গর্ত আর কোনটা সমতল, তা আলাদা করার উপায় ছিল না। গোলচত্বর পার হয়ে ইনডোর স্টেডিয়াম থেকে মিরপুর ১২ নম্বর মোড় পর্যন্ত সড়কের বাম পাশে চোখে পড়ে একই রকম দৃশ্য। ওই অংশে মেট্রোরেল প্রকল্পের জন্য সড়কের প্রায় অর্ধেকটা খুঁড়ে রাখায় চলাচল হয়ে পড়ে আরও ঝুঁকিপূর্ণ। পল্লবী বাসস্ট্যান্ডে এক যাত্রী বললেন, প্রেসক্লাবের সামনে ঘণ্টাখানেক অপেক্ষা করে বেলা সোয়া একটায় তিনি একটি বাসে উঠতে সক্ষম হন। সেখান থেকে আসতে সময় লেগেছে দুই ঘণ্টা।

বিকেল চারটায় ঝুমবৃষ্টিতে এয়ারপোর্ট রোডে হোটেল র্যাডিসনের সামনে থেকে বাম দিকে উড়ালসড়কের ওপর মিরপুরগামী শত শত গাড়ি আটকে পড়ে। যানজট তৈরি হয় র্যাডিসনের সামনে থেকে মহাখালী মোড় পর্যন্ত। বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে খিলক্ষেত মধ্যবাজার এলাকা।
ঢাকা উত্তর সিটি করপোরেশন সূত্র জানায়, সংস্থাটি এ বছরই প্রায় ৬০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। এর বাইরে নালা, সড়ক ও ফুটপাতের দৈনন্দিন মেরামতে খরচ করা হচ্ছে ১৮০ কোটি টাকা। দেখা যায়, বর্ষায় খোঁড়াখুঁড়ির কারণে পথচলতি মানুষের দুর্ভোগ হচ্ছে সবচেয়ে বেশি।
মেয়র আনিসুল হক বলেন, ‘মিরপুর-মোহাম্মদপুর এলাকায় দখলদারদের উচ্ছেদ করে সড়ক ও ড্রেনেজ-ব্যবস্থার সংস্কারকাজ শুরু করতে খানিকটা দেরি হয়েছে। এ ছাড়া এ বছর বৃষ্টিও বেশি। জনদুর্ভোগ কমাতে আমরা যত দ্রুত সম্ভব কাজ শেষ করার চেষ্টা করছি।’