বৃষ্টির সঙ্গে যাত্রীর চাপ, সড়কপথে ভোগান্তি
ঈদযাত্রায় গতকাল বুধবার ছন্দপতন ঘটিয়েছে মুষলধারে বৃষ্টি। গাজীপুরের ভোগড়া বাইপাসে বৃষ্টির পানি জমে মানুষের যাত্রায় দুর্ভোগ যোগ করেছে। মেঘনা-গোমতী সেতুতে ট্রাকের চাকা ফেটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট হয়েছে।
গত মঙ্গলবার থেকেই ঢাকা ফাঁকা হতে শুরু করে। মঙ্গলবার রাত থেকেই রাজধানীর গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনালে বাড়িমুখী মানুষের চাপ বেড়েছে। যানজট বেড়েছে টার্মিনালমুখী সড়কগুলোতে। ফলে দূরপাল্লার পথের যাত্রীদের বাস টার্মিনালে পৌঁছাতেই বেশ সময় ব্যয় হচ্ছে।
বৃহত্তর ময়মনসিংহের বাসগুলোকে ভোগড়া বাইপাস দিয়েই চলতে হয়েছে। ফলে এই পথের ভোগান্তি এড়াতে পারেননি বৃহত্তর ময়মনসিংহে যাওয়া মানুষ।
কাল শুক্রবার ঈদের ছুটি শুরুর আগে আজ বৃহস্পতিবারই শেষ কর্মদিবস। অনেকেই তাই এক দিন বাড়তি ছুটি নিয়ে গতকাল বাড়ির পথে রওনা হন। ফলে সড়ক, রেল ও নৌপথে মানুষের স্রোত শুরু হয়। কিন্তু প্রবল বৃষ্টি এই যাত্রায় ভোগান্তি যুক্ত করে।
রাজধানীর তিন টার্মিনালেই অভিযোগ কেন্দ্র বসানো হয়েছে। বাড়তি ভাড়া গোনার কারণে অনেকে ক্ষোভ প্রকাশ করলেও কেউ অভিযোগ কেন্দ্রে আনুষ্ঠানিক অভিযোগ দিচ্ছেন না।
ট্রেনের যাত্রা গতকালও প্রায় স্বাভাবিক ছিল। তবে উত্তরবঙ্গ ও ময়মনসিংহ অঞ্চলের পথে চলাচলকারী ট্রেনগুলোতে উপচে পড়া ভিড় দেখা গেছে। রাত আটটা পর্যন্ত ৪৩টি ট্রেন ঢাকা ছেড়ে যায়। এর মধ্যে আন্তনগর সুন্দরবন ট্রেনটি তিন ঘণ্টা দেরিতে ঢাকা ছেড়েছে। এই ট্রেন ঈদযাত্রার শুরু থেকেই দেরিতে চলছে। মহানগর প্রভাতী ও নীলসাগর এক্সপ্রেসও দেড় ঘণ্টা দেরিতে ছাড়ে। চট্টলা এক্সপ্রেস ও চাঁপাইনবাবগঞ্জের পথে চলা দুটি মেইল ট্রেনও সময়মতো চলতে পারেনি। আরও কিছু ট্রেন ১০ মিনিট থেকে আধা ঘণ্টা দেরিতে ছেড়েছে।
তিন টার্মিনালেই অপেক্ষা: গতকাল ভোর চারটায় ফেনী থেকে ঢাকার উদ্দেশে রওনা হয় স্টারলাইন পরিবহনের প্রথম বাস। মুগদাপাড়ার টিটিপাড়ায় পৌঁছানোর কথা সকাল আটটার মধ্যে। কিন্তু দুপুর সাড়ে ১২টায় স্টারলাইন পরিবহনের ব্যবস্থাপক মো. নাসির আহমেদ বললেন, তখন ওই বাস মেঘনা সেতুও পার হয়নি। এ সময়ের মধ্যে ঢাকা থেকে স্টারলাইনের ৩৮টি বাস ছেড়ে মেঘনা ঘাটে আটকা পড়ে।
এ ছাড়া হানিফ, শ্যামলী, সোহাগ, সাউদিয়া, ড্রিমলাইনসহ অন্তত ৩০টি পরিবহনের কর্মীরা বলেন, তাঁদের পাঁচ শতাধিক বাস পথে আটকে ছিল।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ধরে চলা মানুষের এই ভোগান্তি দাউদকান্দিতে সৃষ্ট যানজটের কারণে। ভোর পাঁচটায় মেঘনা-গোমতী সেতুতে মালবাহী একটি ট্রাকের পেছনের চাকা ফেটে অচল হয়ে পড়লে যানজটের শুরু হয়।
সকাল সাড়ে ১০টা থেকে বেলা প্রায় একটা পর্যন্ত গোলাপবাগ, সায়েদাবাদ বাস টার্মিনাল ও আশপাশের এলাকায় দূরপাল্লার বাসের কাউন্টারগুলোয় শত শত যাত্রীকে নির্ধারিত বাসের জন্য অপেক্ষা করতে দেখা যায়।
বেলা পৌনে একটার দিকে সায়েদাবাদে দেখা হয় হানিফ এন্টারপ্রাইজের বাসের যাত্রী আবদুস ছাত্তারের সঙ্গে। তিনি বলেন, নৈশকোচে চট্টগ্রাম থেকে ঢাকা রওনা হয়ে দীর্ঘ সময় মেঘনা ঘাট এলাকায় আটকে থাকতে হয়। পরে বাস থেকে নেমে তিনি সিএনজিচালিত অটোরিকশায় ঢাকায় এসেছেন।
দুপুর ১২টার পর মহাখালী বাস টার্মিনালে বসে কথা হয় ব্যবসায়ী মুজিবুল হকের সঙ্গে। স্ত্রী ও ছেলেকে নিয়ে ভোরের দিকেই ময়মনসিংহের পথে রওনা হওয়ার কথা ছিল তাঁর। তবে বৃষ্টির কারণে সম্ভব হয়নি। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মোছাব্বের আলম বলেন, সকাল আটটার বাসে নেত্রকোনার টিকিট কেটে সময়মতো পৌঁছাতে পারেননি। পরে ফোনে টিকিট বদলে অন্য বাসে যাওয়ার জন্য টার্মিনালে এসেছেন।
মহাখালী টার্মিনাল পরিবহন সমিতির সভাপতি মো. আবুল কালাম বলেন, আশুলিয়া থেকে বাইপাইল পর্যন্ত রাস্তায় জমে থাকা পানি নেমে যাওয়ার আগ পর্যন্ত ওই পথে চলাচলকারী বাসগুলোকে বিকল্প রাস্তা ব্যবহার করতে বলা হয়েছে।
গাবতলী বাস টার্মিনালে হানিফ এন্টারপ্রাইজ, ঈগল পরিবহন, এ কে ট্রাভেলস, সোহাগ পরিবহনসহ কয়েকটি পরিবহনের কাউন্টারের ব্যবস্থাপকেরা বলেন, মহাসড়ক কিংবা ফেরিঘাটে কোনো ধরনের যানজট নেই। নির্ধারিত সময়েই বাস ছেড়ে যাচ্ছে।
তবে অনেক যাত্রী বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেন। সেখানে দায়িত্বরত বিআরটিএর পরিদর্শক আতিকুল আলম দাবি করেন, এ ধরনের অভিযোগ তাঁরা পাননি।
পথে পথে ভোগান্তি: গাজীপুর প্রতিনিধি জানান, মঙ্গলবার রাতে ও গতকাল সকালের ভারী বৃষ্টির কারণে গাজীপুরের ভোগড়া বাইপাস মোড়ে বৃষ্টির পানি জমে সকাল থেকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুপুরের পর পানি সরানোর ব্যবস্থা করা হলে যানজট কমতে থাকে। অবশ্য রাতে যানবাহনের চাপে পুনরায় জট শুরু হয়।
ভোগড়া এলাকার ব্যবসায়ী হাজি আবদুল লতিফ বলেন, মহাসড়কের দুই পাশে অনেক নতুন নতুন ভবন হয়েছে, যা সড়ক থেকে বেশ উঁচু। ফলে পানি সড়কে জমে যাচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ শেষ পর্যায়ে। সড়ক প্রশস্ত হওয়ার কারণে চান্দনা চৌরাস্তা থেকে শ্রীপুর পর্যন্ত যান চলাচল স্বাভাবিকই ছিল। আগে এই স্থানে নিয়মিত যানজট হতো। তবে টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত ১০ কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লেগে যাচ্ছে আড়াই থেকে তিন ঘণ্টা। সড়কের পাশে যত্রতত্র গাড়ি পার্কিং, অবৈধ দোকানপাট ও ময়লা-আবর্জনা সড়কের ওপর ফেলায় মহাসড়ক সরু হয়ে যানজট সৃষ্টি হচ্ছে।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর অংশের চন্দ্রা ও কোনাবাড়ীতে সড়কে পানি জমে যাওয়ায় যানবাহনের গতি ছিল কম।
গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, বৃষ্টির কারণে যানবাহনের গতি কমে যাচ্ছে। গাজীপুর জেলা দুই ভাগে বিভক্ত করে সহস্রাধিক পুলিশ সদস্য ও কমিউনিটি পুলিশ মাঠে রয়েছেন।
গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ উদ্দীন খান জানান, ভোগড়া এলাকায় পানি জমে যাওয়ায় বেশ কিছু সময় ওই সড়কে গাড়ি চলাচলে বিঘ্ন ঘটে। তবে পানি সরিয়ে দেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি জানান, মেঘনা-গোমতী সেতুর ওপর চট্টগ্রামগামী পণ্যবাহী একটি ট্রাকের পেছনের চাকা ফেটে যায়। হাইওয়ে পুলিশ রেকার এনে আধা ঘণ্টা পর ট্রাকটি টেনে সরিয়ে নেয়। তবে এর মধ্যেই তীব্র যানজট সৃষ্টি হয়। একপর্যায়ে দাউদকান্দির রাজারহাট থেকে মুন্সিগঞ্জের গজারিয়ার মেঘনা সেতু এলাকা পর্যন্ত যানজট ছড়িয়ে পড়ে।
বেসরকারি সংস্থা নিজেরা করি দাউদকান্দির বিটেশ্বর উপকেন্দ্রের ইনচার্জ আবদুল জব্বার বলেন, বাড়ি যাওয়ার উদ্দেশে সকাল নয়টায় দাউদকান্দির গৌরীপুর থেকে বাসে উঠে গজারিয়ার ভবেরচর পর্যন্ত ২২ কিলোমিটার পথ অতিক্রম করতে তাঁর সাত ঘণ্টা লাগে।
দুপুরের দিকে দাউদকান্দির গৌরীপুরে কথা হয় চাঁদপুরের ফরিদগঞ্জের হাসান মিয়ার সঙ্গে। তিনি বলেন, চিটাগাং রোড থেকে সকাল ১০টায় বাসে উঠে গৌরীপুর পৌঁছাতে তাঁর লেগেছে ছয় ঘণ্টা।
কাঁচপুর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, মেঘনা সেতুর টোল প্লাজার পাঁচটি কাউন্টার দিয়ে পাঁচটি গাড়ি বের হলেও সেতুতে উঠতে পারে মাত্র একটি যানবাহন। এ জন্য যানবাহনের চাপ বাড়লে জট হয়।
টাঙ্গাইল প্রতিনিধি জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মঙ্গলবার রাতে যানবাহনের চাপ বেশি ছিল। ফলে কিছুটা যানজট হয়। তবে গতকাল সারা দিন যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। তবে যাঁরা বাসের ছাদে উঠে বাড়িমুখী হয়েছেন, বৃষ্টির কারণে তাঁদের দুর্ভোগ পোহাতে হয়।
এলেঙ্গা ফিলিং স্টেশনে কুড়িগ্রামগামী একটি বাসের যাত্রী আবুল হোসেন বলেন, বৃষ্টিতে ভিজে যা একটু সমস্যা হচ্ছে। তবে সড়কে যানজট কম।