বৃষ্টির 'যন্ত্রণা' উপেক্ষা করে খেলা দেখার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বৃষ্টিটা জ্বালাচ্ছে খুব। সব আনন্দই যেন মাটি করে দিচ্ছে। মুস্তাফিজের কৃতিত্ব যেভাবে উদ্যাপন করতে চাই, তা পারছি না।’ বলছিলেন বাংলাদেশ ক্রিকেটের নতুন বিস্ময় মুস্তাফিজুর রহমানের ঘনিষ্ঠ বন্ধু মিয়ারাজ হোসেন।
বৃষ্টির ওপর রাগ করতেই পারেন মুস্তাফিজের বন্ধুরা। ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ব্যাটিং লাইনআপকে পরপর দুই ম্যাচে তাসের ঘরের মতো গুঁড়িয়ে দিয়েছেন মুস্তাফিজ। আর বন্ধুর এমন অর্জনও কিনা বৃষ্টির জন্য বড় আনন্দ মিছিল করে উদ্যাপন করতে পারেননি তাঁরা! দ্বিতীয় ম্যাচে মাঠে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করেও বেয়াড়া বৃষ্টির কারণেই উপভোগ করতে পারেননি।
তাই বলে থেমে নেই মুস্তাফিজের বন্ধুরা। বৃষ্টির ‘যন্ত্রণা’ উপেক্ষা করে সাতক্ষীরার তেঁতুলিয়ায় মুস্তাফিজের বাড়ির পাশে বড় পর্দায় আজকের খেলা দেখার আয়োজন করছেন তাঁরা। মুস্তাফিজের বন্ধু মেহেদী হাসান বলেন, ‘সব আয়োজনে বাদ সাধছে বৃষ্টি।’ আরেক বন্ধু মো. তোহার উচ্ছ্বাসটা আরও বেশি। তিনি বলছিলেন, ‘এবার বৃষ্টি-বাদল কোনো কিছু মানব না। উৎসব হবেই। আতশবাজি কিনেছি। বন্ধুরা মিলে ঠিক করেছি, আনন্দ শোভাযাত্রা হবে। আমরা সবাই মিলে নাচব-গাইব। আরও যে কত কিছু করব, ঠিক করতে পারছি না!’
মুস্তাফিজের সেজো ভাই মোখলেছুর রহমান মুঠোফোনে জানালেন, দুই দিন ধরে ফোন যেন ছাড়তেই পারছেন না। অভিনন্দন জানিয়ে বহু মানুষ ফোন করছেন। অনেকে বাড়িতে এসে অভিনন্দন জানাচ্ছেন। তাঁদের সঙ্গে কথা বলতে হচ্ছে। কথা বলে বলে গলা বসে গেছে। এক প্রশ্নের জবাবে মোখলেছুর রহমান বলেন, বাড়িতে বাড়তি কোনো আয়োজন নেই। পরিবারের সবাই মিলে একসঙ্গে খেলা দেখবেন। মোখলেছুর বলেন, দেশের ১৬ কোটি মানুষ মুস্তাফিজকে নিয়ে স্বপ্ন দেখছেন। তাঁদের পরিবারের সবাই মিলে কামনা করছেন তাঁর ভালো খেলা যেন অব্যাহত থাকে।
মুস্তাফিজের বাবা আবুল কাসেম গাজী বলেন, ‘ছেলে তো এখন আর আমার একার নয়। দেশের জন্য ওকে ভালো খেলতে হবে—এ কামনাই করছি সব সময়।’