বৃষ্টিহীন উষ্ণ বসন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীত বিদায় নিয়েছে। তবে এরই মধ্যে গরম জাপটে ধরে ফেলেছে প্রকৃতিকে। বৃষ্টির ছিটেফোঁটা নেই। আবহাওয়াবিদদের মতে, গরম আরও বাড়বে। তবে বৃষ্টি হতে পারে এই সপ্তাহেই।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে দেখা গেছে, চৈত্র মাস এসে গেলেও দেশের কোথাও ঝড় তো দূরের কথা, বৃষ্টিও গত ২৪ ঘণ্টায় হয়নি। দেশের সব জায়গাতেই তাপমাত্রা ৩০ ডিগ্রির বেশি উঠে গেছে। গতকাল সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে ৩৬ দশমিক ৮। একই জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল আজ সকালে ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

রাজধানী ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৮ ডিগ্রি। এ ছাড়া রাজশাহী ও সিলেটে ৩৬ দশমিক ৫, খুলনায় ৩৫ দশমিক ৫, রংপুরে ৩৩ দশমিক ৪, বরিশালে ৩৪ দশমিক ৯ এবং চট্টগ্রামে ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুর রহমান প্রথম আলোকে বলেন, দিন বড় হচ্ছে। সূর্য মাথা ওপরে উঠে আসছে। তাই গরম আরও বাড়বে। আর্দ্রতা বেশি ও জলীয় বাষ্প থাকার জন্য ঘাম বেশি হচ্ছে। তিনি জানান, এই সপ্তাহেই বৃষ্টি হতে পারে।