বৃষ্টিহীন এপ্রিল শেষে বৃষ্টির জন্য অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তপ্ত এপ্রিল অবশেষে বিদায় নিচ্ছে। মে মাসে মানুষ তীর্থের কাকের মতো তাকিয়ে থাকবে আকাশের দিকে। যদি একটু বৃষ্টির দেখা মেলে!

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আগামী দুই-তিন দিনের মধ্যে আবহাওয়ায় এমন কিছু পরিবর্তন হবে, যার ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে। তবে মে মাসের শুরুতে বৃষ্টি যে হবেই— সেই নিশ্চয়তা দিতে পারছে না।
এদিকে আজ শনিবারও দেশের বেশির ভাগ স্থানে তীব্র থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে গেছে। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে চার থেকে ছয় ডিগ্রি পর্যন্ত বেশি ছিল। আর পুরো এপ্রিলের বৃষ্টিপাতের হিসা​ব করে আবহাওয়া অধিদপ্তর বলছে, এই উত্তপ্ত মাসে কম বৃষ্টি হয়েছে। এপ্রিলে যেখানে মোট বৃষ্টিপাত হওয়ার কথা চার হাজার ৪২৮ মিলিমিটার, সেখানে হয়েছে দুই হাজার ৮৬ মিলিমিটার। আর সিলেটে এর প্রায় উল্টো চিত্র। ওই জেলায় বৃষ্টি পড়েছে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণেরও বেশি। এপ্রিলে ওই জেলার স্বাভাবিক বৃষ্টিপাত হয় ৫৯২ মিলিমিটার, আর হয়েছে এক হাজার ২৮৭ মিলিমিটার।
৩০ এপ্রিল ঢাকার স্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রা থাকার কথা ৩৩ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৩ দশমিক ছয় ডিগ্রি। কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি ও সর্বনিম্ন ২৮ দশমিক চার ডিগ্রি।
তবে ভারতের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস প্রতিবেদন দেখে কিছুটা আশাবাদী হওয়ার সুযোগ আছে। সেখানকার আবহাওয়া অধিদপ্তরের বলছে গত এক মাস দরে চলা তীব্র তাপপ্রবাহ ও খরা পরিস্থিতির উন্নতি হচ্ছে। ভারতের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে চলা খরতাপকে কোণঠাসা করে ফেলেছে মেঘের দল। মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও বিহারে বৃষ্টি শুরু হয়ে গেছে। আগামী দুই দিনের মধ্যে ওই মেঘ বাংলাদেশের দিকে ছুটে আসতে পারে বলে জানিয়েছেন দেশের আবহাওয়াবিদেরা।
এ ব্যাপারে জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রাশেদুজ্জামান বলেন, আবহাওয়ার পূর্বাভাস যে সব মিলবে তা নয়। অনেক ক্ষেত্রে পূর্বাভাস নাও মিলতে পারে। তবে মেঘের গতিপ্রকৃতি দেখে মনে হচ্ছে আগামী দুই তিন দিনের মধ্যে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি নামতে পারে। এতে তাপমাত্রা কিছুটা হলেও কমার সম্ভাবনা আছে।