বৃষ্টিহীন বর্ষায় সেচ দিয়ে আমন চাষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষা মৌসুমের বৃষ্টিপাতের ওপর নির্ভর করে দেশের কৃষকেরা সাধারণত আমন চাষ করে থাকেন। কিন্তু চলতি বর্ষা মৌসুমে স্বাভাবিক বৃষ্টি না হওয়ায় বগুড়ার কৃষকদের সেচ দিয়ে আমন চাষ করতে হচ্ছে। ফলে তাঁদের উৎপাদন খরচ বাড়ছে। জেলার কৃষকেরা বৃষ্টির জন্য বেশ কিছুদিন অপেক্ষা করেছিলেন। সময়মতো ধান চাষ না করলে ফলন ভালো হবে না বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কৃষকদের সতর্ক করা হয়। এরপর কৃষকেরা বাধ্য হয়ে সেচ দিয়ে আমনের খেত প্রস্তুত করছেন। গতকাল রোববার জেলার সদর, কাহালু, দুপচাঁচিয়া ও শাজাহানপুর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কৃষকেরা সেচযন্ত্রের (শ্যালো মেশিন) মাধ্যমে পানি দিয়ে আমনখেত প্রস্তুত করছেন। আমনের চারা রোপণে ব্যস্ত কাহালুর দুর্গাপুর গ্রামের কৃষক মজনু মিয়া বলেন, এবার বৃষ্টি কম হচ্ছে। তাই জমি চাষ করা যাচ্ছে না। এ কারণে টাকা খরচ করে সেচ দিয়ে তিনি জমি চাষ করছেন। উৎপাদন খরচ বাড়ায় ধান চাষ করে লাভের মুখ দেখবেন কি না, তা নিয়ে তিনি চিন্তিত। পার্শ্ববর্তী মালঞ্চা গ্রামের একটি মাঠে কর্মরত কৃষক আজিজার প্রামাণিক বলেন, ‘ভাত খাওয়া লাগলি ধান চাষ করাই লাগবি। দাম কী পামো, সেটা এখন চিন্তা করলি হবি না। বৃষ্টি হচ্ছে না দেখে জমি তো আর ফেলে রাখা যাচ্ছে না। খরচ একটু বাড়লিও চাষ করা লাগবি।’ কাহালু পেরিয়ে নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রামে গিয়ে দেখা গেছে, কৃষকেরা জমিতে আমনের চারা রোপণ করছেন। কৃষক ফজলুল হক বলেন, ‘এবার যে বৃষ্টি হচ্ছে তাতে জমিতে পানি আটকে থাকোচে না। তাই সেচ দেওয়া লাগিচ্ছে।’ শাজাহানপুর উপজেলার টেংগামাগুর গ্রামের কৃষক জব্বার শেখ বলেন, কৃষি বিভাগের পরামর্শে এবার তাঁরা উন্নত জাতের আমন ধান রোপণ করছেন। এ ধান বড় হতে সময় কম লাগে। এতে করে পরে তাঁরা যথাসময়ে রবিশস্য চাষ করতে পারবেন।বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা গেছে, চলতি বছর জেলায় এক লাখ ৮৪ হাজার ৯৩৭ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ২ আগস্ট পর্যন্ত এক লাখ ১৫ হাজার হেক্টর জমিতে আমন চাষ করা হয়েছে। যা লক্ষ্যমাত্রার ৬৩ শতাংশ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক বজলুর রশিদ বলেন, চাষিদের আমন চাষে উদ্বুদ্ধ করতে এবার যথাসময়ে পরামর্শ দেওয়া হয়েছে। এই আমন চাষ আগামি সেপ্টেম্বরের ১৫ তারিখ পর্যন্ত করা যাবে। তাই এবার আমনের লক্ষ্যমাত্রা পেরিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। তিনি আরও বলেন, সেচের কারণে চাষিদের খরচ বেশি হলেও সঠিক সময়ে উফশী জাতের আমন চাষের কারণে তাঁরা ফলন বেশি পাবেন। সেটা দিয়ে ক্ষতি পোষানো যাবে।