বৃষ্টিহীন বৈশাখ, তাপের কবলে বিদ্যুৎকেন্দ্রও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কার্টুন: শিশির
কার্টুন: শিশির

বৃষ্টিহীন বৈশাখের প্রচণ্ড বিরূপ আবহাওয়া দেশের বিদ্যুৎ পরিস্থিতিকে ঝুঁকিতে ফেলছে। একটানা প্রায় তিন সপ্তাহ দেশের কোথাও উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টি না হওয়ায় আবহাওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুতের উৎপাদনকেন্দ্র, সঞ্চালন ও বিতরণব্যবস্থা মাত্রাতিরিক্ত উত্তপ্ত হয়ে উঠেছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আরও দুই-তিন দিন তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। সারা দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহও অব্যাহত থাকবে। এই অবস্থায় বিদ্যুৎব্যবস্থায় দুর্ঘটনার আশঙ্কা সৃষ্টি হয়েছে। সম্ভাব্য সেই দুর্ঘটনা পরিস্থিতি মোকাবিলায় সরকার তেলচালিত সব বিদ্যুৎকেন্দ্রের একেকটি করে ইউনিট ঠান্ডা করার জন্য পর্যায়ক্রমে এক ঘণ্টা অথবা প্রয়োজনমতো নিয়মিত বিরতিতে বন্ধ রাখতে শুরু করেছে।
দেশে এখন তেলচালিত কেন্দ্রগুলোর মোট উৎপাদনক্ষমতা প্রায় দুই হাজার ২০০ মেগাওয়াট।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সদস্য (উৎপাদন) জালালউদ্দিন আহমেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, বিদ্যুৎ উৎপাদনযন্ত্র ঠান্ডা রাখার জন্য তার ভেতরে যে ‘লুব অয়েল’ ব্যবহার করা হয়, তার সর্বোচ্চ অনুমোদিত তাপ ৭০ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু প্রায় সবগুলো তেলচালিত কেন্দ্রের লুব অয়েলের তাপমাত্রা ৭৫ ডিগ্রিতে উঠে গেছে।
জালালউদ্দিন চৌধুরী আরও বলেন, সেচ ও গ্রীষ্ম মৌসুমের কারণে একদিকে কেন্দ্রগুলো একটানা চালাতে হচ্ছে। ফলে এগুলোর তাপমাত্রা বাড়ছে। এর সঙ্গে বৃষ্টিহীন প্রচণ্ড গরম আবহাওয়া যুক্ত হওয়ায় যন্ত্রগুলোর তাপমাত্রা অনুমোদিত সীমা অতিক্রম করেছে। এগুলো নিয়মিত বিরতিতে বন্ধ রেখে ঠান্ডা করার ব্যবস্থা না করলে দুর্ঘটনা ঘটে দীর্ঘ সময়ের জন্য উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে।
উৎপাদনকেন্দ্রগুলোর মতো একইভাবে বিভিন্ন এলাকার বিতরণ লাইনও বন্ধ রাখা হচ্ছে। বিশেষ করে যেসব লাইনের গ্রাহকেরা অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি বিদ্যুৎ ব্যবহার করছেন (অতিরিক্ত গরমে প্রায় সব গ্রাহকই সারাক্ষণ বেশি বিদ্যুৎ ব্যবহার করছেন) সেখানে দুর্ঘটনার আশঙ্কা বেশি হওয়ায় সেগুলো নিয়মিত বিরতিতে বন্ধ রেখে উচ্চ তাপজনিত দুর্ঘটনা রোধের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ কারণে এখন প্রতিদিন ঢাকার বিভিন্ন এলাকায়ও এক-দুই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে।
এ ছাড়া কোথাও কোথাও, বিশেষ করে ঢাকার মোহাম্মদপুর ও মগবাজার এলাকায় বিতরণব্যবস্থায় কিছু ত্রুটির কারণে বিদ্যুৎ সরবরাহ কিছুদিন ধরে ব্যাহত হচ্ছে। মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটিসংলগ্ন উপকেন্দ্রে এবং দারুসসালাম এলাকার একটি কেবেল ত্রুটি সারানোর কাজ শেষ পর্যায়ে। মগবাজারের বিতরণব্যবস্থাও আজকালের মধ্যে ঠিক হবে বলে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) নির্বাহী পরিচালক (প্রকৌশল ও পরিচালন) মিজানুর রহমান জানান।
লোডশেডিং ও নিরাপত্তার কারণে সরবরাহ বন্ধ রাখা প্রসঙ্গে মিজানুর রহমান বলেন, ডিপিডিসির এলাকায় বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা এক হাজার ২০০ মেগাওয়াটের মতো। এত দিন এর পুরোটাই তাঁরা পেয়েছেন ও নিয়েছেন। গত কয়েক দিন ধরে বিতরণব্যবস্থার ওপরে উল্লিখিত ত্রুটির কারণে প্রায় ৬০ মেগাওয়াট কম নিচ্ছেন।
এ ছাড়া অতিরিক্ত তাপের কারণে কোনো এলাকার ট্রান্সফরমার বিস্ফোরণ হওয়ার মতো অবস্থা সৃষ্টি হলে সেই লাইনে সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। না হলে ট্রান্সফরমার বিস্ফোরণ ছাড়াও সম্পূর্ণ লাইনও পুড়ে যেতে পারে।
ঢাকার অপর বিতরণ কোম্পানি ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডেসকো) পরিচালক (প্রকৌশল) মো. শাহ্ আলম বলেন, তাঁদের সর্বোচ্চ চাহিদা ৭০০ মেগাওয়াট ছাড়িয়েছে। গত কয়েক দিন ধরে তাঁরা ২০ থেকে ৩০ মেগাওয়াট কম নিচ্ছেন। কারণ, অধিকাংশ লাইন ও ট্রান্সফরমার মাত্রাতিরিক্ত উত্তপ্ত হয়ে যাওয়ায় কখনো কখনো বন্ধ রাখার দরকার পড়ছে। বৃষ্টি হলেই আর এ ব্যবস্থা অবলম্বনের দরকার হবে না।
পিডিবি এবং পশ্চিমাঞ্চল বিতরণ কোম্পানিও (ওজোপাডিকো) বিতরণব্যবস্থার নিরাপত্তার জন্য মাঝেমধ্যে কোনো কোনো লাইন বন্ধ রাখতে শুরু করেছে।
দেশে উৎপাদিত বিদ্যুতের অর্ধেকেরও বেশি বিতরণ করে পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)। আরইবির সদস্য (প্রকৌশল) শেখ নুরুল আবছার বলেন, তাঁদের সর্বোচ্চ চাহিদা এখন তিন হাজার ৭০০ মেগাওয়াট। চাহিদার পুরোটাই পাওয়া যাচ্ছে। তবে বিতরণব্যবস্থায় এখনো কিছু সীমাবদ্ধতা থাকায় কোনো কোনো এলাকায় কিছু লোডশেডিং করতে হচ্ছে।
তাপপ্রবাহ চলবে: গতকাল সোমবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরে কর্তব্যরত আবহাওয়াবিদেরা জানান, আরও অন্তত দুই দিন বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে সারা দেশে তাপপ্রবাহ অব্যাহত থাকবে। এর মধ্যে রাঙামাটি, খুলনা, কুষ্টিয়া ও পটুয়াখালীর খেপুপাড়ায় তীব্র এবং দেশের অন্যত্র মাঝারি মাত্রার তাপপ্রবাহ চলবে।
গতকালও দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে ৪০ দশমিক ৭ ডিগ্রি; যা আগের দিনের চেয়ে দশমিক ১ ডিগ্রি বেশি। ঢাকায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৮ ডিগ্রি; যা আগের দিনের চেয়ে দশমিক ৭ ডিগ্রি কম।
দক্ষিণ বঙ্গোপসাগরে গতকাল একটি লঘুচাপ সৃষ্টি হলেও তা নগণ্য বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা।