বৃহত্তম জামাত আয়োজনে প্রস্তুত শোলাকিয়া ঈদগাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে দেশের বৃহত্তম ঈদ জামাত আয়োজনের প্রস্তুতি প্রায় সম্পন্ন করা হয়েছে। প্রতিবছর ওই ঈদগাহ মাঠে দেশের বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এবার এই ঈদগাহে নামাজ আদায়ের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সচিব, মন্ত্রী এবং বিশিষ্ট রাজনীতিকদের আমন্ত্রণ জানানো হয়েছে।
ঈদগাহ পরিচালনা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, শোলাকিয়ায় এবার ১৮৮তম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। মুসল্লিদের উপস্থিতির দিক দিয়ে অনেক আগ থেকেই দেশের সর্ববৃহৎ ঈদ জামাতের স্বীকৃতি পেয়ে আসছে এই ঈদগাহটি। এর পরিচিতি এখন দেশের সীমানা ছাড়িয়ে উপমহাদেশে ছড়িয়ে পড়েছে। এবারের ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। নামাজ পড়াবেন ইসলাহুল মুসলিমিন পরিষদের চেয়ারম্যান মাওলানা মো. ফরিদ উদ্দিন মাসউদ।
যেভাবে শোলাকিয়ায় যাওয়া যাবে: মুসল্লিদের সুবিধার জন্য বাংলাদেশ রেলওয়ে দুটি বিশেষ ট্রেন চলাচলের ব্যবস্থা করেছে। একটি চলবে ভৈরব থেকে। অপরটি ময়মনসিংহ থেকে। ভৈরব-কিশোরগঞ্জ বিশেষ ট্রেনটি ভৈরব স্টেশন থেকে ছেড়ে যাবে সকাল ছয়টায়। একই সময়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ বিশেষ ট্রেনটি ময়মনসিংহ থেকে ছেড়ে আসবে। ট্রেন দুটি কিশোরগঞ্জ স্টেশন থেকে ফিরে যাবে দুপুর ১২টায়। এ ছাড়া ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে গেটলক ঈশা খাঁ, যাতায়াত, অনন্যা সুপার পরিবহনে করেও কিশোরগঞ্জে আসা যাবে। সময় লাগবে তিন ঘণ্টা। মহাখালী থেকে অনন্যা, অনন্যা ডিজিটাল ও এগারসিন্দুর সুপার পরিবহনে কিশোরগঞ্জে পৌঁছাতে সময় লাগবে পৌনে তিন ঘণ্টা। কমলাপুর গোলাপবাগ থেকেও কিশোরগঞ্জগামী বাস ছেড়ে আসবে।