বৃহত্তম জামাতের জন্য প্রস্তুত শোলাকিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছরের মতো এ বছরও দেশে ঈদুল ফিতরের বৃহত্তম জামাত অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ার ঈদগাহ মাঠে। এ জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। মাঠ পরিষ্কার-পরিচ্ছন্ন, মেহরাবের চুনকাম, দাগ কাটার কাজ, অজুখানা পরিষ্কার, নলকূপ বসানোর কাজসহ আনুষঙ্গিক অন্য কাজও সম্পন্ন হয়েছে।শোলাকিয়ায় এবার ১৮৫তম ঈদের জামাতে ইমামতি করবেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ। ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। জামাত শুরুর সাত, পাঁচ ও এক মিনিট আগে বন্দুকের ফাঁকা গুলির আওয়াজ করে সংকেত দেওয়া হবে।বৃহত্তম ঈদের জামাতে দূর-দূরান্ত থেকে মুসল্লিদের আগমন নিশ্চিত করতে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে। ময়মনসিংহ থেকে সকাল পৌনে ছয়টায় একটি লোকাল ট্রেন ছেড়ে আসবে কিশোরগঞ্জের উদ্দেশে। সকাল সাড়ে আটটায় ট্রেনটি কিশোরগঞ্জ পৌঁছাবে। ভৈরব থেকে সকাল ছয়টায় আরেকটি লোকাল ট্রেন ছাড়বে, তা কিশোরগঞ্জে পৌঁছাবে সকাল আটটায়। নামাজের পর উভয় ট্রেন দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জ থেকে ভৈরব ও ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যাবে।জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান প্রথম আলোকে বলেন, দেশের বৃহত্তম ঈদের জামাত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা মুসল্লিদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়টি দেখবে জেলা চেম্বার অব কমার্স। এদিকে শোলাকিয়ার ঈদ জামাত নিয়ে কিশোরগঞ্জ শহরবাসীর মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে। শহরের বিভিন্ন সড়কে ঈদের শুভেচ্ছা জানিয়ে বড় বড় তোরণ নির্মাণ ও সড়ক দ্বীপগুলো বর্ণিল ব্যানারে সাজানো হয়েছে।ঈদ জামাত ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বিবেচনায় নিয়ে জেলা পুলিশের ছুটি বাতিল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার থেকে শহরের আবাসিক হোটেল, ছাত্রাবাসসহ বিভিন্ন স্পর্শকাতর স্থানে তল্লাশি ও বিশেষ নজরদারি করছে পুলিশ। শোলাকিয়া ঈদগাহ ময়দানে অস্থায়ী তাঁবু (ক্যাম্প) তৈরি করে মাঠের সার্বিক নিরাপত্তার দায়িত্ব নিয়েছে পুলিশের একটি দল। পুলিশ সুপার মীর রেজাউল আলম জানান, ঈদগাহ মাঠের নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য ঢাকা ও সিলেট থেকে বোমা শনাক্ত ও নিষ্ক্রিয়করণ দুটি দল শোলাকিয়া মাঠে মেটাল ডিটেক্টরের সাহায্যে বিশেষ অনুসন্ধান চালাবে। মুসল্লিরা যাতে নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারেন, সেজন্য প্রস্তুত থাকবে তিন প্লাটুন আর্মস পুলিশ ব্যাটালিয়ন। তা ছাড়া হ্যান্ড মেটাল ডিটেক্টর নিয়ে মাঠের ২৮টি প্রবেশপথে শরীর তল্লাশি করে মুসল্লিদের মাঠে ঢোকার ব্যবস্থা করবেন নিরাপত্তাকর্মীরা। ঈদের আগের দিন থেকে শহরে সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হবে। এর পাশাপাশি পুলিশের গোয়েন্দা সংস্থা ও র‌্যাব সদস্যরা বিশেষ নজরদারি করবেন।