বৃহত্তর খুলনার উন্নয়নে স্মারকলিপি
খুলনায় আধুনিক রেলস্টেশন ও বিমানবন্দর নির্মাণ, পাইপলাইনে গ্যাস সরবরাহ, মাওয়ায় পদ্মা সেতু নির্মাণ, মংলা বন্দরের আধুনিকায়ন, বন্ধ কারখানা চালু করাসহ বিভিন্ন দাবিতে গতকাল রোববার খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি।জেলা প্রশাসকের কার্যালয়ে বেলা ১১টায় স্মারকলিপিটি গ্রহণ করেন জেলা প্রশাসক মো. মেজবাহউদ্দিন। এ সময় বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি এস এম দাউদ আলী, মহাসচিব শেখ আশরাফ-উজ-জামান, উন্নয়ন কমিটির নেতা ফিরোজ আহমেদসহ নেতারা উপস্থিত ছিলেন।স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, সরকারের সাড়ে তিন বছরের অধিক সময় পার হয়ে যাচ্ছে। কিন্তু এসব দাবি বাস্তবায়িত না হওয়ায় খুলনা অঞ্চলের মানুষ হতাশ ও ক্ষুব্ধ হয়ে উঠেছে। তারা অবিলম্বে সরকারের প্রতিশ্রুত দাবিগুলোর বাস্তবায়ন দেখতে চায়। স্মারকলিপিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত কৃষি বিশ্ববিদ্যালয় দ্রুত স্থাপন করতে হবে। খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের মরে যাওয়া নদী ও খালগুলো পুনর্খনন করতে হবে।