বৃহত্তর চট্টগ্রামে আজ পরিবহন ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃহত্তর চট্টগ্রামে আজ রোববার থেকে ২৪ ঘণ্টা পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। পাঁচ দফা দাবি আদায়ে সংগঠনটি এ ধর্মঘট আহ্বান করেছে।
গত ২৫ অক্টোবর ফেডারেশনের পূর্বাঞ্চল শাখার এক সম্মেলন থেকে ধর্মঘট পালনের ঘোষণা দেওয়া হয়।
আজ ভোর ছয়টা থেকে সোমবার ভোর ছয়টা পর্যন্ত সব ধরনের পণ্য ও যাত্রীবাহী যানবাহন চলাচল বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। তবে ব্যক্তিগত (প্রাইভেট) যানবাহন ধর্মঘটের আওতামুক্ত থাকবে।
গতকাল সন্ধ্যায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চল শাখার সভাপতি মৃণাল চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘এটি ধারাবাহিক আন্দোলনের কর্মসূচি। এরপর আমরা প্রশাসনকে দাবি পূরণে মাস দুয়েকের সময় দিয়ে পরবর্তী আন্দোলনের ঘোষণা দেব।’
পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে চট্টগ্রামে বিভিন্ন পরিবহনের জন্য আলাদা টার্মিনাল তৈরি, অবৈধ গাড়ি উচ্ছেদ ও যানজট নিরসন, পরিবহনশ্রমিকদের নিয়োগপত্র প্রদান, পুলিশি হয়রানি বন্ধ এবং দুর্ঘটনার ক্ষেত্রে পরিবহনশ্রমিকদের এককভাবে দোষী না করে সমন্বিত ব্যবস্থা নেওয়া।