বৃহত্তর চট্টগ্রামে পরিবহন ধর্মঘট
পরিবহন শ্রমিকনেতাকে অপহরণের প্রতিবাদে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে বৃহত্তর চট্টগ্রামের পাঁচটি জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের চট্টগ্রাম আঞ্চলিক কমিটি ও বিভাগীয় কমিটি এ ধর্মঘটের ডাক দেয়। চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক সমিতি এ ধর্মঘটে সমর্থন দিয়েছে।
শ্রমিক ফেডারেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল বুধবার সকাল ১০টার দিকে পরিবহন শ্রমিকনেতা নুরুল ইসলামকে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। তাঁকে অপহরণের প্রতিবাদে এবং অক্ষত অবস্থায় উদ্ধারের দাবিতে এ ধর্মঘট ডাকা হয়েছে। এতে আরও বলা হয়, অপহরণের বিষয়ে বুধবার নগরের ইপিজেড থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার খোঁজাখুঁজি এবং প্রশাসনের নানা পর্যায়ে যোগাযোগের পরও তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। ফলে আঞ্চলিক ফেডারেশন ও বিভাগীয় ফেডারেশন ধর্মঘট কর্মসূচি ডাকতে বাধ্য হয়েছে।
এ প্রসঙ্গে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের পূর্বাঞ্চল (চট্টগ্রাম ও সিলেট বিভাগ) কমিটির সভাপতি মৃণাল চৌধুরী প্রথম আলোকে বলেন, নুরুল ইসলামকে উদ্ধারের দাবিতে বৃহত্তর চট্টগ্রামের পাঁচটি জেলায় (চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি) অনির্দিষ্টকালের জন্য এ পরিবহন ধর্মঘট চলবে। এই ঘটনার প্রতিবাদে শুক্রবার বিকেলে চট্টগ্রাম শহীদ মিনারের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি পালন করা হবে।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম প্রথম আলোকে বলেন, অপহৃত নুরুল ইসলামকে উদ্ধারের জন্য চেষ্টা চলছে। কিন্তু অপহরণের ব্যাপারে পরিবারের সদস্যরা কাউকে সন্দেহ করতে পারছেন না।