বৃহত্তর চট্টগ্রামে মঙ্গলবার পরিবহন ধর্মঘটের ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবহন শ্রমিকদের নিয়োগপত্র, কল্যাণ তহবিলের ব্যবস্থা করা, পুলিশি হয়রানি, নির্যাতন বন্ধসহ নয় দফা দাবিতে আগামী মঙ্গলবার বৃহত্তর চট্টগ্রামে ২৪ ঘণ্টা পরিবহন ধর্মঘট ডেকেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম আঞ্চলিক শাখা। চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজারে এ কর্মসূচি পালন করা হবে। গতকাল শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে ফেডারেশনের নেতারা এই ধর্মঘটের ডাক দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতা আবদুস ছবুর। শ্রমিকদের নয় দফার মধ্যে আরও রয়েছে চট্টগ্রামে বাস, ট্রাক ও প্রাইম মুভারের জন্য আলাদা টার্মিনাল নির্মাণ, অটোরিকশা-অটো টেম্পোর জন্য পার্কিংয়ের জায়গা নির্ধারণ, ফেরি পারাপারে টোল কমানো, অনিবন্ধিত অটোরিকশার নিবন্ধন দেওয়া, মালিকের জমা ৬০০ টাকা নির্ধারণ, বিআরটিএ ও যুগ্ম শ্রম পরিচালকের দপ্তরে দুর্নীতি ও হয়রানি বন্ধ, শহর এলাকায় বাস, মিনিবাস ও হিউম্যান হলারের টার্গেট-পদ্ধতি বাতিল ইত্যাদি।
সংবাদ সম্মেলনে বলা হয়, প্রশাসন থেকে বারবার আশ্বাস দেওয়ার পরও নগরের বিভিন্ন জায়গায় বাস, ট্রাক ও ট্যাংক লরির টার্মিনাল করা হচ্ছে না। ২০১৩ সালে তৎকালীন যোগাযোগমন্ত্রী এক সার্কুলারের মাধ্যমে চট্টগ্রাম নগরে চার হাজার অটোরিকশার নিবন্ধন দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু মালিক ও প্রশাসনের অসাধু সিন্ডিকেটের নানামুখী ষড়যন্ত্রের কারণে সেই অনিবন্ধিত অটোরিকশা চলতে পারছে না। এর ফলে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে গেছেন।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, চালকের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে মাঠপর্যায়ের যোগ্যতাকে প্রাধান্য দিয়ে লিখিত পরীক্ষার বাধ্যবাধকতা কমাতে হবে। একই সঙ্গে বিআরটিএর দুর্নীতি বন্ধ করতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগের সভাপতি রুহুল আমিন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ মুছা, কার্যকরী সভাপতি রবিউল মাওলা, সাধারণ সম্পাদক অলি আহমদ প্রমুখ।
এদিকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নামে ডাকা মঙ্গলবারের পরিবহন ধর্মঘট প্রত্যাখ্যান করেছে চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ। গতকাল বিকেলে সংগঠনের আন্দরকিল্লার কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় ধর্মঘট প্রত্যাখ্যানের সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মনজুরুল আলম।
সভায় বলা হয়, ধর্মঘটের বিষয়ে জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ অবগত নয়। পরিবহন মালিক গ্রুপ মনে করে, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে ব্যাহত করতে এই কর্মসূচি ডাকা হয়েছে। অনিবন্ধিত সিএনজিচালিত অটোরিকশা সড়ক-মহাসড়কে চালানোর জন্য এই ধর্মঘট ডাকা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যকর পদক্ষেপ নেবে বলে মনে করে মালিক গ্রুপ।
জরুরি সভায় অংশ নেন সড়ক পরিবহন মালিক গ্রুপের কার্যকরী সভাপতি জহুর আহমেদ, মহাসচিব আবুল কালাম আজাদ, সহসভাপতি মো. ইউনুচ প্রমুখ।
আবুল কালাম আজাদ বলেন, ‘পরিবহন শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘট অবৈধ। মালিক গ্রুপের নেতারা এই ধর্মঘট প্রত্যাখ্যান করেছেন।’