বৃহত্তর ফরিদপুরের মুক্তিযুদ্ধ-সম্পর্কিত বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন
ত্রৈমাসিক পত্রিকা ফরিদপুর ইতিহাস ঐতিহ্য বৃহত্তর ফরিদপুরের মুক্তিযুদ্ধ–সম্পর্কিত একটি বিশেষ সংখ্যা বের করেছে। গতকাল শনিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। ফরিদপুর ইতিহাস ঐতিহ্য পরিষদ এই সংখ্যা প্রকাশ করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধের সাবসেক্টর কমান্ডার এবং সাবেক ডেপুটি স্পিকার সাংসদ কর্নেল (অব.) শওকত আলী। তিনি বলেন, ইতিহাস ঐতিহ্য পরিষদ বৃহত্তর ফরিদপুরের মুক্তিযুদ্ধের ইতিহাস সংকলনের যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসার দাবি রাখে।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ইনস্টিটিউট অব লিবারেশন ওয়ার অ্যান্ড বাংলাদেশ স্টাডিজের পরিচালক অধ্যাপক শহিদুল ইসলাম।
ফরিদপুর ইতিহাস ঐতিহ্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি বদিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক চৌধুরী এমদাদুল হক, মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ, ফরিদপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল ফয়েজ শাহনেওয়াজ, শরীয়তপুরের মেয়র আবদুর রব মুন্সী, গোপালগঞ্জ জেলা কমান্ডার বদরুদ্দোজা বদর প্রমুখ।