বৃহত্তর ময়মনসিংহের আলবদর কমান্ডার ছিলেন কামারুজ্জামান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের ১৪তম সাক্ষী মজিবর রহমান খানকে আসামিপক্ষের জেরা গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। জেরায় এক প্রশ্নের জবাবে সাক্ষী বলেন, একাত্তরে কামারুজ্জামান বৃহত্তর ময়মনসিংহের রাজাকার ও আলবদর বাহিনীর কমান্ডার ছিলেন।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ সাক্ষীকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী কফিল উদ্দিন চৌধুরী। এ সময় কামারুজ্জামান আসামির কাঠগড়ায় হাজির ছিলেন। মজিবর রহমান গত বুধবার জবানবন্দি দেন।ক্যাম্পে ধরে নিয়ে যাওয়ার আগে কি মেজর রিয়াজকে দেখেছেন—আইনজীবীর এ প্রশ্নে সাক্ষী বলেন, না। তাঁকে ক্যাম্পে ধরে নিয়ে যাওয়ার দিনই দেখেছেন। তবে নাম আগে শুনেছেন। একাত্তরে শেরপুরে রাজাকার ও আলবদর বাহিনীর কমান্ডার কে ছিলেন—এ প্রশ্নে তিনি বলেন, শেরপুরের কথা তিনি বলতে পারবেন না। তবে বৃহত্তর ময়মনসিংহের রাজাকার ও আলবদর কমান্ডার ছিলেন কামারুজ্জামান।জেরার শেষ পর্যায়ে কফিল উদ্দিন মত (সাজেশন) দেন, সাক্ষী অসচ্ছল থাকায় আর্থিক সুবিধা নিতে মিথ্যা সাক্ষ্য দিলেন। এ সময় মজিবর বলেন, এটা সত্য নয়। পরে ট্রাইব্যুনাল আগমী ৪ ডিসেম্বর এ মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।রঞ্জিত নাথকে জেরা শেষ: একই ট্রাইব্যুনালে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল রাষ্ট্রপক্ষের সপ্তম সাক্ষী রঞ্জিত নাথকে জেরা শেষ করেন আসামিপক্ষের আইনজীবী সৈয়দ মিজানুর রহমান। জেরা শেষে ৫ ডিসেম্বর এ মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়।আবেদন খারিজ: জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মামলায় আসামিপক্ষের করা দুটি আবেদন গতকাল একই ট্রাইব্যুনাল খারিজ করেন। আসামিপক্ষের সাক্ষীর সংখ্যা ছয়জন থেকে বাড়িয়ে ১২ জন করা এবং রাষ্ট্রপক্ষের চার সাক্ষীকে আবারও জেরা করার অনুমতি চেয়ে আবেদন দুটি করা হয়েছিল। শুনানি শেষে গত ১২ নভেম্বর ট্রাইব্যুনাল আবেদন দুটি খারিজ করেন। এই আদেশ পুনর্বিবেচনার জন্য আসামিপক্ষ আবেদন করে। শুনানি শেষে গতকাল ওই আবেদন খারিজ করেন ট্রাইব্যুনাল।এদিকে গতকাল এ মামলায় আসামিপক্ষ কোনো সাক্ষী হাজির করতে পারেনি। ট্রাইব্যুনাল আসামিপক্ষের বাকি তিন সাক্ষীকে হাজির করতে আগামী ২, ৩ ও ৪ ডিসেম্বর দিন ধার্য করেন।সাঈদীর পক্ষে যুক্তি উপস্থাপন অব্যাহত: জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের যুক্তি উপস্থাপন অব্যাহত রয়েছে। যুক্তি উপস্থাপনের একাদশ দিনে গতকালও আইনি বিষয়ে যুক্তি উপস্থাপন করেন আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এ যুক্তি উপস্থাপন চলছে। গতকাল যুক্তি উপস্থাপনকালে আবদুর রাজ্জাক বলেন, ট্রাইব্যুনাল আইনের ১৯(২) ধারায় যেসব সাক্ষীর জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ করা হয়েছে, তার ওপর ভিত্তি করে আসামিকে দোষী সাব্যস্ত করা যাবে না। কারণ, এসব জবানবন্দির সত্যতা সম্পূর্ণভাবে তদন্ত কর্মকর্তার বিশ্বাসযোগ্যতার ওপর নির্ভর করে। এ মামলার তদন্ত কর্মকর্তা তাঁর বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন। কয়েকজন সাক্ষীর জবানবন্দি পর্যালোচনা করে দেখা যায়, জবানবন্দিগুলোর কয়েক জায়গায় হুবহু একই কথা বলা হয়েছে।যুক্তি উপস্থাপনের সময় সাঈদী আসামির কাঠগড়ায় হাজির ছিলেন। আসামিপক্ষ ২ ডিসেম্বর আবার যুক্তি উপস্থাপন করবে। আসামিপক্ষের আগে রাষ্ট্রপক্ষ নয় দিন ধরে তাদের যুক্তি উপস্থাপন করে।