বৃহস্পতি ও রোববার তিন পার্বত্য জেলায় হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনী জাতীয় সংসদে পাসের প্রতিবাদে ও বান্দরবানের বাঙালি নেতা আতিকুর রহমানের মুক্তির দাবিতে বাঙালিদের পাঁচটি সংগঠন হরতালের ডাক দিয়েছে। কাল বৃহস্পতি ও আগামী রোববার ২৪ ঘণ্টা করে তিন পার্বত্য জেলায় এ হরতাল আহ্বান করা হয়।

গত সোমবার রাতেপাঁচ সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ হরতাল কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। পার্বত্য গণপরিষদের মহাসচিব আলম খানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, পাঁচ সংগঠনের সমন্বয়কারী ও পার্বত্য নাগরিক পরিষদের সভাপতি আক্কাস আল মামুনের সভাপতিত্বে ঢাকায় অনুষ্ঠিত এক সভায় এ কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া তিন পার্বত্য জেলায় বিক্ষোভ মিছিল, গণসংযোগ ও কালো পতাকা উত্তোলনের সিদ্ধান্ত হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে শুক্রবার সকাল ছয়টা ও রোববার সকাল ছয়টা থেকে সোমবার সকাল ছয়টা পর্যন্ত এ হরতাল পালিত হবে।

হরতাল আহ্বানকারী সংগঠনগুলো হলো পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য গণপরিষদ, পার্বত্য সমঅধিকার আন্দোলন, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র ঐক্য পরিষদ।

যোগাযোগ করা হলে পার্বত্য নাগরিক পরিষদের সভাপতি ও বাঙালিদের পাঁচটি সংগঠনের আহ্বায়ক আক্কাস আল মামুন প্রথম আলোকে বলেন, ‘পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনীতে শুধু উপজাতীয়দের প্রাধান্য দেওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘তিন পার্বত্য জেলার প্রশাসনের তথ্য অনুযায়ী, ৩১ হাজার ৬২০ পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। কিন্তু তাদের ভূমির কবুলিয়ত দেওয়ার সময় প্রথা, রীতি ও পদ্ধতি অনুসরণ করা হয়নি। তাই তারা সবাই ভূমি হারাবে। অথচ তাদের রাষ্ট্রীয় প্রয়োজনে পুনর্বাসন করা হয়েছিল।’

আক্কাস আল মামুন আরও বলেন, ‘ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনে স্থানীয় কোনো বাঙালি প্রতিনিধিকে রাখা হয়নি। আমরা মনে করি, আঞ্চলিক পরিষদ ও পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান এবং সার্কেল-প্রধানের প্রতিনিধিরা কোনোভাবে জনসংহতি সমিতি ও ইউপিডিএফের প্রভাবমুক্ত হতে পারবেন না।’