বৃহস্পতি ও শুক্রবার মানেই জট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন অংশে চার লেনের উন্নয়ন কর্মকাণ্ড, কোথাও সরু সড়ক, কোথাও যান চলাচলে শৃঙ্খলা না থাকায় যানজট লেগেই থাকে। ছবিটি গতকাল কালিয়াকৈরের কলেজ রোডসংলগ্ন এলাকা থেকে তোলা l সাজিদ হোসেন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন অংশে চার লেনের উন্নয়ন কর্মকাণ্ড, কোথাও সরু সড়ক, কোথাও যান চলাচলে শৃঙ্খলা না থাকায় যানজট লেগেই থাকে। ছবিটি গতকাল কালিয়াকৈরের কলেজ রোডসংলগ্ন এলাকা থেকে তোলা l সাজিদ হোসেন

ঈদযাত্রায় ভোগান্তির আশঙ্কা

ঢাকা–বঙ্গবন্ধু সেতু মহাসড়ক

বৃহস্পতিবার, শুক্রবার, বৃষ্টি ও দুর্ঘটনা—এই চারটির যেকোনো একটির জন্যই উত্তরবঙ্গের মানুষের সড়কপথে যাতায়াত হয়ে পড়ে চরম দুর্ভোগের। আর এখন গাজীপুর থেকে টাঙ্গাইল পর্যন্ত চলছে মহাসড়ক সম্প্রসারণের কাজ। ফলে বিদ্যমান পথ সরু হয়েছে, যানবাহন চলাচলে শৃঙ্খলা কমেছে, কোথাও কোথাও আছে খানাখন্দ।

ঢাকা-বঙ্গবন্ধু সেতু পর্যন্ত মহাসড়ক সম্পর্কে পুলিশ, পরিবহনশ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের এমনটাই মূল্যায়ন। গতকাল বৃহস্পতিবার গাজীপুরের চন্দ্রা মোড় থেকে টাঙ্গাইল পর্যন্ত ঘুরে এর কিছু নমুনাও মিলেছে। যানজট-ভোগান্তির যেসব কারণের কথা বলা হয়েছে, আসন্ন ঈদযাত্রায় এই চারটির সব কটিরই উপস্থিতির আশঙ্কা রয়েছে। ফলে উত্তরাঞ্চলের মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন হবে কি না, তা নিয়ে শঙ্কিত হওয়ার কারণ আছে। অবশ্য বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পর তেমন ঝামেলা নেই বলে জানান পরিবহনশ্রমিকেরা।

গতকাল বৃহস্পতিবার সকালে চন্দ্রা মোড় থেকে টাঙ্গাইলের দিকে প্রায় ১৫ কিলোমিটার পথে যানজট দেখা গেছে। গাড়ি নিয়ে এই পথ পাড়ি দিতে এই প্রতিবেদকের সময় লেগেছে দুই ঘণ্টা। গাজীপুরের কালিয়াকৈর, টাঙ্গাইলের মির্জাপুর ও টাঙ্গাইল সদর এলাকায়ও মহাসড়কের বিভিন্ন স্থানে কমবেশি যানজটে পড়তে হয়। চন্দ্রা থেকে টাঙ্গাইল পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার পথ যেতে চার ঘণ্টা লেগে যায়।

এই মহাসড়কে যানবাহনের চাপ সব সময়ই বেশি। যানজটও নতুন নয়। আর এই যানজট নিরসনে সরকার গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত ৭০ কিলোমিটার পথ চার লেন করার প্রকল্প নেয়। দুই বছর ধরে কাজ চলছে। অর্ধেক কাজও হয়নি। সময় আছে আর এক বছর। প্রকল্পের অধীনে চন্দ্রা মোড়, মির্জাপুরসহ কয়েকটি উড়ালসড়ক, অনেকগুলো কালভার্ট নির্মাণ ও সড়ক সম্প্রসারণের কাজ চলছে। সড়ক সম্প্রসারণের অংশ হিসেবে মাটি ভরাট করা হয়েছে। কোথাও কোথাও মাটির কাজ বিদ্যমান সড়কের স্তরে পৌঁছে গেছে। যানজটে আটকে থাকার সময় যানবাহনগুলো পাল্লা দিয়ে মাটির রাস্তায় উঠে গিয়ে ধুলায় পুরো এলাকা আচ্ছন্ন করে ফেলছে।

কালিয়াকৈর বাইপাসের দোকানদার আবুল কাসেম বলেন, প্রতি বৃহস্পতিবার রাত আটটার পর যে যানজট শুরু হয়, তা শুক্রবার দুপুর পর্যন্ত থাকে। যানজটের মূল কারণ সড়কে শৃঙ্খলা না থাকা এবং অত্যধিক চাপ। এ ছাড়া খানাখন্দ ও নির্মাণযজ্ঞও একটা কারণ।

রাজশাহী ও রংপুর বিভাগের সব জেলা এবং ঢাকা ও খুলনা বিভাগের কিছু জেলার যানবাহন চলাচল করে চন্দ্রা মোড় ও বঙ্গবন্ধু সেতু হয়ে। ঢাকার গাবতলী ও মহাখালী টার্মিনাল থেকে চলাচলকারী বাসের বেশির ভাগই উত্তরবঙ্গের দুই বিভাগে এবং টাঙ্গাইল ও বৃহত্তর ময়মনসিংহের কয়েকটি পথে চলে। ঢাকা থেকে তিন পথে এই মহাসড়কে ওঠা যায়। গাবতলী দিয়ে সাভার ও নবীনগর হয়ে; উত্তরা, আবদুল্লাহপুর ও বাইপাইল হয়ে এবং গাজীপুরের ভোগড়া বাইপাস হয়ে। এই তিন পথের সব বাসই চন্দ্রা মোড় হয়ে চলে। ফলে চন্দ্রা মোড় উত্তরের পথের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই চন্দ্রায় যানজট হলে উত্তরে তা বঙ্গবন্ধু সেতু পর্যন্ত বিস্তৃত হয়। আর ঢাকার দিকে নবীনগর, আশুলিয়া কিংবা ভোগড়া বাইপাস পর্যন্ত ঠেকে। অর্থাৎ সব মিলিয়ে প্রায় ৭০ কিলোমিটারের বেশি পথ। বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পর যানবাহনের চাপ কমতে থাকে। চালকেরা বলেছেন, বঙ্গবন্ধু সেতু পার হলে আর তেমন ঝক্কি নেই। 

উত্তরবঙ্গের পথে ঈদযাত্রা কেমন হতে পারে, তা দেখার জন্য এই যাত্রা শুরু হয় গতকাল সকাল সাড়ে সাতটায়, ফার্মগেট থেকে। সকালের ফাঁকা রাজপথ পেরিয়ে সাভার পৌঁছাতে লাগে এক ঘণ্টারও কম। নবীনগর পার হয়ে চন্দ্রা মোড়ে গাড়ি পৌঁছে যায় সকাল সাড়ে নয়টায়।

দেখা গেল, চন্দ্রায় একটি উড়ালসড়কের নির্মাণকাজ চলছে। ঢাকামুখী দুটি ও বঙ্গবন্ধু সেতুমুখী একটি পথ দিয়ে আসা-যাওয়া করছে যানবাহন। কিন্তু কোনো শৃঙ্খলা নেই। কারণ, মাঝপথে নির্মাণকাজ চলমান বলে কোনো সড়ক বিভাজক, প্রতিবন্ধক কিংবা সংকেতব্যবস্থা কার্যকর নয়। আর এখানকার সড়কও ভাঙাচোরা। ফলে ত্রিমুখী যানবাহন এখানে এসেই গতি হারাচ্ছে। পুলিশের কিছু সদস্যকে হাত ইশারায় যান নিয়ন্ত্রণের চেষ্টা চালাতে দেখা গেছে।

টাঙ্গাইলমুখী যাত্রা শুরু করেই পড়তে হয় যানজটে। কালিয়াকৈরের টানসূত্রাপুর সেতু পর্যন্ত যানবাহনে ঠাসা। ১৫ কিলোমিটার পথ পার হতে লাগে দুই ঘণ্টা। পুরো এলাকায় ধুলার ওড়াউড়ি।

এই পথে চন্দ্রা ছাড়াও কালিয়াকৈর বাইপাস, মির্জাপুর, পাকুল্যায় মহাসড়কে বড় বড় গর্ত দেখা যায়। ঢাকা-বগুড়া পথে চলাচলকারী শাহ ফতেহ আলী পরিবহনের শ্রমিক শরিফুল ইসলাম বলেন, বৃষ্টি হলেই গর্তে পানি জমে। আশপাশের মাটি এসে কাদার স্তর তৈরি করে। ফলে পথচলা কঠিন হয়ে যায়।

সাভারের বিকেএসপি, কালিয়াকৈর ও মির্জাপুরের গোড়াই এলাকায় গর্তের মধ্যে পিচ ঢালতে দেখা গেল। পিচ গর্তে রেখেই চলে যান কর্মীরা। সঙ্গে সঙ্গে ভারী ট্রাক ও বাসের চাকার ঘর্ষণে এই পিচ উঠে যাচ্ছে।

গোড়াই এলাকায় মহাসড়ক ঘেঁষে দরজির দোকান সুজন সরকারের। তিনি বলেন, বৃষ্টি, বৃহস্পতি আর শুক্রবার হচ্ছে যানজটের জম। এই তিনটার একটা থাকলেই চলছে। রাতে ও সকালে বেশি যানজট হয়।

মহাসড়কের আরও কিছু বৈশিষ্ট্য পাওয়া গেল। চন্দ্রা থেকে টাঙ্গাইল পর্যন্ত মহাসড়কের দুই পাশে যে বাড়তি অংশ (শোল্ডার) থাকে, সম্প্রসারণকাজের সঙ্গে তা হারিয়ে গেছে। প্রতিটি সেতু, কালভার্ট দুই লেনের। কিন্তু সেতু-কালভার্টের মুখে মাটি দিয়ে সম্প্রসারণ করা অংশ মূল সড়কের স্তরে উন্নীত হয়েছে। ফলে সেতু-কালভার্টের কাছে এসে সম্প্রসারিত অংশ ব্যবহার করে একসঙ্গে অনেক যান সেতু পার হতে গিয়ে জটের সৃষ্টি করছে।

মির্জাপুরে এমনই একটি কালভার্টের কাছে পুলিশের একটি টহল দলকে দেখা যায়। তাঁদের একজন বলেন, উন্নয়নকাজের জন্য কিছু ব্যাঘাত ঘটছে। কিন্তু চালকেরা একটু ধৈর্য ধরলে যানজট কিছুটা কম হতো। ঈদে হয়তো পুলিশ বাড়ানো হবে। কিন্তু পুরো সড়কে তো পুলিশ পাহারা বসানো যাবে না।

এভাবে যানজট, কিছুটা ফাঁকা, ফাঁকা পথে চলতে চলতে টাঙ্গাইল শহরের কাছাকাছি পৌঁছায় গাড়ি। ততক্ষণে ঘড়ির কাঁটায় চার ঘণ্টা পেরিয়ে গেছে। টাঙ্গাইল থেকে ফেরার পথে যানবাহনের চাপ দেখা গেছে। তবে এক স্থানে দীর্ঘক্ষণ আটকে থাকতে হয়নি। আর গর্তে পিচ ঢালাই, কালভার্ট-সেতুতে হুড়োহুড়ি, সড়কের ধুলা ওড়াউড়ি—সবই ছিল। চন্দ্রা পর্যন্ত আসতে সময় লাগে আড়াই ঘণ্টা।

সকালের চেয়ে কম যানজটের কারণ সম্পর্কে চন্দ্রা মোড়ে দায়িত্ব পালনরত হাইওয়ে পুলিশের সদস্য সিদ্দিকুর রহমান বলেন, দুপুরে যানবাহনের চাপ একটু কম থাকে। এই মহাসড়কে প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটে। আর কালিয়াকৈর ওভারপাসের ঢাল এত খাড়া যে প্রায়ই মালবাহী যান আটকে যায়। তখনই যানবাহন নিয়ন্ত্রণ করা যায় না। উৎসব-পার্বণের সময় বৃষ্টির প্রকোপ থাকলে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। এবার এমন পরিস্থিতিতে পড়তে হতে পারে। কারণ সড়কজুড়ে নির্মাণকাজ চলছে। ঈদে পুলিশের বাড়তি লোকবল দেওয়া হবে এই পথে।