বৃহস্পতিবার উত্তরাঞ্চলে সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘটের ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বিশেষ সহকারী এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের উত্তরাঞ্চলীয় অবিভক্ত (রাজশাহী ও রংপুর বিভাগ) কমিটির সভাপতি শামসুর রহমান শিমুল বিশ্বাসের মুক্তির দাবিতে আগামী বৃহস্পতিবার উত্তরবঙ্গের ১৬ জেলায় সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটি এই ধর্মঘটের ডাক দিয়েছে। গতকাল সোমবার সংগঠনটির নেতারা প্রথম আলোর কাছে কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেন। সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওসমান গনি জানান, শামসুর রহমানের বাড়ি উত্তরাঞ্চলে (পাবনা) হওয়ায় শুধু ওই অঞ্চলের ১৬ জেলায় ধর্মঘট ডাকা হয়েছে। আগামী রোববারের মধ্যে তাঁকে মুক্তি না দিলে সারা দেশে পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হবে।

ওসমান গনি বলেন, ধর্মঘটের পাশাপাশি সারা দেশে বিক্ষোভ সমাবেশ কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, রাজনৈতিক কারণে নয়; পরিবহন শ্রমিকদের নেতা হিসেবে তাঁর মুক্তির দাবি করা হয়েছে। আগামী রোববার ঢাকায় প্রেসক্লাবে সমাবেশ ও মানববন্ধন থেকে সারা দেশে পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হবে।