
বৃহস্পতিবার এলেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট হচ্ছে। গত বৃহস্পতিবার রাতে সৃষ্ট যানজটের কারণে গতকাল শুক্রবার পর্যন্ত এ পথের যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়েছে।
যানজটের কারণে মহাসড়কটি দিয়ে পণ্যবোঝাই ট্রাকও সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারেনি। এ নিয়ে গত দেড় মাসের সাতটি বৃহস্পতিবারের মধ্যে পাঁচটিতে সড়কে দীর্ঘ যানজট তৈরি হলো।
হাইওয়ে পুলিশ, ভুক্তভোগী যাত্রী ও যানবাহনের চালকেরা বলেন, প্রতি শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় বৃহস্পতিবার রাতে উত্তরাঞ্চলের অনেক লোক বাড়ির উদ্দেশে যাত্রা করেন। এ কারণে মহাসড়কটিতে যানবাহনের চাপ বেড়ে যায়। এর মধ্যে যান বিকল বা দুর্ঘটনা ঘটলেই জট তৈরি হয়। এ ছাড়া মহাসড়কটি চার লেনে উন্নীত করতে দুই পাশে মাটি ফেলা হচ্ছে। এ কারণেও যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটছে। ফলে আগামী ঈদুল ফিতরের সময় যানজটে আরও দুর্ভোগের আশঙ্কা রয়েছে।
টাঙ্গাইল জেলা বাস-কোচ-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক লুৎফর রহমান বলেন, সাপ্তাহিক ছুটির দিনের ভিড় সামলাতেই যানজটে যে পরিস্থিতি হচ্ছে, তাতে এখনই প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে আসন্ন ঈদে যাত্রীদের দুর্ভোগ বেড়ে যাবে। তিনি ঈদের সময় মহাসড়কের কাজ বন্ধ রাখার দাবি করেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে গাজীপুরের কালিয়াকৈরে উড়ালসড়কে একটি ট্রাক বিকল হয়। এ কারণে যান চলাচলে বিঘ্ন ঘটে। পুলিশ ঘণ্টাখানেক পর ট্রাকটি সরিয়ে নেয়। কিছুক্ষণ পর বোর্ডঘর এলাকায় একটি বাস বিকল হয়। এ কারণে বিভিন্ন স্থানে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। গভীর রাতে পাকুল্যাতে একটি ট্রাক বিকল হয়। এতে যানজট গাজীপুরের চন্দ্রা থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত প্রায় ৫৫ কিলোমিটার দীর্ঘ হয়। পুলিশ বিকল যানগুলো মহাসড়ক থেকে গতকাল ভোররাতে সরিয়ে নিলে যান চলাচল শুরু হয়। ভোর পাঁচটার দিকে জামুর্কীতে উত্তরাঞ্চলগামী একটি বাসের পেছনে একটি ট্রাক ধাক্কা দেয়। এ কারণে আবার যানজট সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা পর পুলিশ যান দুটি সরিয়ে নিলে চলাচল শুরু করে। সকাল ১০টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
ভুক্তভোগী যানবাহনের চালক ও যাত্রীরা বলেন, গতকাল ও আজ শনিবার সাপ্তাহিক ছুটি ছাড়াও আগামীকাল রোববার মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ছুটি। এ কারণে ঢাকাসহ আশপাশের কারখানায় কর্মরত শ্রমিক ও বিভিন্ন সরকারি-বেসরকারি কার্যালয়ে কর্মরত ব্যক্তিরা ঘরমুখী। ফলে যানবাহনের চাপ বেড়ে গেছে।
মির্জাপুর থানার এসআই মোশারফ হোসেন বলেন, অতিরিক্ত যাত্রী হওয়ায় ঢাকা নগরে চলাচলকারী যানবাহনও মহাসড়কে নামায় যানবাহনের চাপ বাড়ে। এতে যানজটের সৃষ্টি হয়।
গতকাল সকাল আটটার দিকে মির্জাপুর বাইপাসের কুমারজানী এলাকায় গিয়ে দেখা গেছে, মহাসড়কে দীর্ঘ যানজট। যাত্রীদের অনেকে বাস থেকে নেমে হাঁটাহাঁটি করে স্বস্তি পাওয়ার চেষ্টা করছেন।
ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের যাত্রী আরিফুল ইসলাম বলেন, টাঙ্গাইলের করটিয়াতে ভোর সাড়ে চারটার দিকে যানজটে পড়েন তাঁরা। ২৫ মিনিটের পথ তিন ঘণ্টায় পাড়ি দিয়ে সকাল সাড়ে সাতটার দিকে মির্জাপুরের দেওহাটা পৌঁছান।
গত ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সৃষ্ট যানজট পরদিন শুক্রবার বিকেল চারটা পর্যন্ত স্থায়ী হয়। ২৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টা থেকে পরদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত যানজট স্থায়ী হয়। ২ মার্চ রাতে সৃষ্ট যানজট পরদিন শুক্রবার পর্যন্ত স্থায়ী হয়। ৭ মার্চ মঙ্গলবারও যানজট লাগে। ৯ মার্চ বৃহস্পতিবার থেকে ১১ মার্চ শনিবার পর্যন্ত মহাসড়কে কয়েক দফা যানজট তৈরি হয়।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোতালেব হোসেন বলেন, বিভিন্ন কারখানায় কর্মরত উত্তরাঞ্চলের শ্রমিকেরাসহ অনেকে মাসের প্রথম সপ্তাহে বেতন পেয়ে বাড়ি যান। এ কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।