বৃহস্পতিবার চট্টগ্রাম নগরে পরিবহন ধর্মঘটের ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযানের নামে চালক ও মালিকদের হয়রানি বন্ধসহ ১০ দফা দাবিতে আগামী বৃহস্পতিবার চট্টগ্রাম নগরে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে মালিকদের একটি সংগঠন। গতকাল সোমবার চট্টগ্রাম সিটি সড়ক পরিবহন মালিক ফেডারেশন এ ধর্মঘটের ডাক দেয়। নগরের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মঞ্জুরুল আলম।
লিখিত বক্তব্যে জানানো হয়, আগামী বুধবারের মধ্যে ১০ দফা দাবি মানা না হলে পরদিন বৃহস্পতিবার চট্টগ্রাম শহরে বাস-মিনিবাস, হিউম্যান হলার, সিএনজিচালিত অটোরিকশাসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। পুলিশি হয়রানি, গাড়ি রিকুইজিশন, সিএনজিচালিত অটোরিকশা চলাচলে হয়রানি বন্ধসহ নগরের গুরুত্বপূর্ণ মোড় থেকে হকার সরানোর দাবি রয়েছে ১০ দফার মধ্যে।
মঞ্জুরুল আলম বলেন, ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযানের নামে পুলিশ চালকদের হয়রানি করছে। তাই গাড়ির মালিক, চালক ও শ্রমিকেরা সরকারের কাছে ১০ দফা দাবি জানিয়েছে।