বৃহস্পতিবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আগামী বৃহস্পতিবার ঢাকায় আসছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণপত্র নিয়ে তিনি এ সফর করবেন। রোববার সন্ধ্যায় কূটনৈতিক সূত্রে এ তথ্য জানা গেছে।
আগামী জুনের শেষার্ধে শেখ হাসিনার ভারত সফরের প্রস্তাব রয়েছে। ওই সফরে দুই দেশের প্রধানমন্ত্রীর শীর্ষ বৈঠকের আগে যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠকে অংশ নিতে মে মাসে দিল্লি যাবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ওই বৈঠকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকের প্রস্তুতি নিয়ে আলোচনা করবেন।
জানা গেছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পাশাপাশি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন। নরেন্দ্র মোদি গত বছরের মার্চে বাংলাদেশ সফরের সময় শেখ হাসিনাকে নয়াদিল্লি সফরের আমন্ত্রণ জানান।