রাঙামাটিতে লঞ্চমালিকদের হয়রানির অভিযোগ
বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকাল সড়ক ও নৌপরিবহনধর্মঘট
রাঙামাটি লঞ্চমালিক সমিতির নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে ও তাঁদের হয়রানির প্রতিবাদে আগামী বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের সড়ক ও নৌপথে চলাচলকারী যানবাহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
গতকাল সোমবার পুরোনো বাসস্ট্যান্ডে নিজস্ব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রাঙামাটি জেলা সড়ক ও নৌপরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ এ ধর্মঘটের ঘোষণা দেয়। তারা একই দাবিতে সড়ক ও নৌপথে চলাচলকারী বিভিন্ন যানের ১১টি মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের স্বাক্ষরে জেলা প্রশাসকের বরাবর একটি স্মারকলিপিও দেয়।
জানা গেছে, রাঙামাটির কাপ্তাই হ্রদের বিভিন্ন পথে লঞ্চ চলাচল নিয়ে মালিকদের মধ্যে বিরোধ চলে আসছে। সেই বিরোধের জের ধরে রাঙামাটি জোনের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল সংস্থার সদস্য শামীম হায়দার ২৮ ফেব্রুয়ারি তিনজনের নাম উল্লেখসহ ২০-৩০ জনের বিরুদ্ধে রাঙামাটি কোতোয়ালি থানায় মামলা করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান চট্টগ্রাম রাঙামাটি মোটরমালিক সমিতির কার্যকরী সদস্য বিভাস সাহা। লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, শামীম হায়দারের দায়ের করা মামলায় পুলিশ ও প্রশাসন নৌপরিবহনের মালিকদের হয়রানি করছে। মামলাটি মিথ্যা ও হয়রানিমূলক দাবি করে বলা হয়, হয়রানি বন্ধ ও মামলা প্রত্যাহারের জন্য এর আগে তিনবার ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে মালিক ও শ্রমিকদের দাবি মানার আশ্বাস দেওয়া হলেও কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এবারও জেলা প্রশাসনের আশ্বাস সত্ত্বেও ধর্মঘট প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছেন সংগঠনের সহসভাপতি মইনুদ্দিন সেলিম।
অপর দিকে শামীম হায়দার অভিযোগ করেন, কাপ্তাই হ্রদে চলাচলকারী তাঁর মালিকানাধীন লঞ্চগুলোকে সমিতির মাধ্যমে বেআইনিভাবে বন্ধ করে দেওয়া হয়। পরে তিনি মামলা করলে রায় তাঁর পক্ষে যায়। এতে ক্ষিপ্ত হয়ে ২৭ ফেব্রুয়ারি মইনুদ্দিন সেলিম, মো. হোসেন ও মো. সোহেল ২০-৩০ জন লঞ্চশ্রমিক নিয়ে বাড়িতে গিয়ে তাঁকে মারধর করেন এবং মেরে ফেলার হুমকি দেন।
যোগাযোগ করা হলে জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল বলেন, আমার কাছে তাঁরা স্মারকলিপি দিয়েছেন। এটা তাঁদের অভ্যন্তরীণ কোন্দল। মামলার কাগজপত্র নিয়ে বিষয়টি মীমাংসার জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে (এডিএম) দায়িত্ব দিয়েছি। সাধারণ প্রশাসনের সঙ্গে মালিক-শ্রমিকদের কোনো বিরোধ নেই।
পুলিশের রাঙামাটি সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মনিরুজ্জামান হয়রানির অভিযোগ অস্বীকার করে বলেন, ২০-২৫ দিন আগে তাঁদের সঙ্গে আলোচনা হয়েছে। কথা ছিল, তাঁদের সভাপতি হাজি মনসুর আহম্মেদ একটা তারিখ ঠিক করবেন। সেখানে লঞ্চমালিক, স্থানীয় পুলিশ ও সাধারণ প্রশাসন, বিচারিক হাকিম এবং চট্টগ্রাম ও ঢাকার অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার কর্মকর্তা সবাই বসে বিষয়টি সমাধান করা হবে। কিন্তু তিনি এখনো তা করেননি।