বৃহস্পতিবার থেকে চট্টগ্রামে ডায়াবেটিক মেলা
ডায়াবেটিক রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে আগামী বৃহস্পতিবার থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে ডায়াবেটিক মেলা। চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির উদ্যোগে তিন দিনের এ মেলা শুরু হবে ডায়াবেটিক জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে।
ডায়াবেটিক জেনারেল হাসপাতালে আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির সভাপতি ছৈয়দুর রহমান চৌধুরী, সহসভাপতি শেখ মোহাম্মদ জাহাঙ্গীর, এস এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন, হাসপাতালের পরিচালক নওশাদ আহমেদ খান এবং মেলার সমন্বয়ক হাসিনা আকতার লিপি।
সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী বলেন, চট্টগ্রামে ডায়াবেটিস রোগীদের সচেতন করার লক্ষ্যে ষষ্ঠবারের মত এই মেলার আয়োজন করা হয়েছে। বাংলাদেশসহ সারা বিশ্বে ডায়াবেটিসে আক্রান্তের হার বাড়ছে। কিন্তু অনেকেই এই রোগ সম্পর্কে সচেতন নন। বর্তমান বিশ্বে প্রতি ৮ সেকেন্ডে একজন ডায়াবেটিস রোগী মৃত্যুবরণ করছেন। অথচ সচেতন থাকলে ও নিয়ম মেনে চললে সারা জীবন এ রোগ নিয়ে যে কেউ সুস্থ জীবনযাপন করতে পারেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলায় ডায়াবেটিস রোগ নির্ণয়ের মেশিনসহ প্রয়োজনীয় বিভিন্ন চিকিৎসা সামগ্রী বিশেষ হ্রাসকৃত মূল্যে পাওয়া যাবে। এক্সিকিউটিভ চেক আপ, ডায়রিয়া, নিউমোনিয়া, জরায়ু মুখের ক্যান্সারের টীকার (ভ্যাকসিন) ওপর থাকবে বিশেষ ছাড়। মেলার ১ম দিন থাকছে বিনামূল্যে গাইনী ক্যাম্প। এ ছাড়া মেলায় ডায়াবেটিক রোগীদের জন্য ইনসুলিন, ওষুধ এবং ডায়াবেটিক বিস্কুট, পিঠা, মিষ্টি, হালুয়া, জিলাপি ও জেম-জেলিসহ বিভিন্ন খাদ্য সামগ্রী পাওয়া যাবে। শনিবার পর্যন্ত এ মেলা প্রতিদিন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে।