বৃহস্পতিবার থেকে ২১ জেলায় পরিবহন ধর্মঘটের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬ দফা দাবিতে বাগেরহাট, শরীয়তপুরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় আগামী বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চল সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। গতকাল সোমবার দুপুরে শরীয়তপুর ও বাগেরহাটে পৃথক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।১৬ দফা দাবির মধ্যে রয়েছে ব্যাটারিচালিত ইজিবাইক, ভাড়ার মোটরসাইকেল ও মাইক্রোবাসসহ অন্য যানবাহনে যাত্রী নেওয়া বন্ধ, বরিশাল থেকে কেওড়াকান্দিঘাট পর্যন্ত বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাস চলাচল বন্ধ, সড়কে চাঁদাবাজি বন্ধ, বাজেটে যানবাহনে কর বৃদ্ধি না করা, রিকুইজিশন করা গাড়ির ক্ষতিপূরণসহ বকেয়া বিল প্রদান ও দুর্ঘটনাকবলিত গাড়ি ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে মালিককে ফেরত দেওয়া।গতকাল দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের আহ্বায়ক এস এম শাহ আলম মুকুল স্বাক্ষরিত লিখিত বক্তব্য পড়েন আন্তজেলা বাস মিনিবাস মালিক সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি মিনা রাকিবুল হাসান। উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক খান মনির হোসেন, বাগেরহাট বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাকি তালুকদার প্রমুখ।সংবাদ সম্মেলনে জানানো হয়, খুলনা ও বরিশাল বিভাগসহ বৃহত্তর ফরিদপুর ও গোপালগঞ্জ জেলার বাস মালিক ও শ্রমিকেরা তাঁদের এই আন্দোলনের সঙ্গে রয়েছেন।শরীয়তপুর জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক গ্রুপের সভাপতি আবদুল বারেক মিয়া গতকাল তাঁদের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ধর্মঘটের ঘোষণা দেন। সংবাদ সম্মেলন শেষে প্রথম আলোকে তিনি বলেন, ২১ জেলার পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের নিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চল সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ গঠন করা হয়েছে।