চট্টগ্রামে গ্যাস-সংকটের প্রতিবাদে আগামী বৃহস্পতিবার সকালে কর্ণফুলী গ্যাস বিতরণ কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে চট্টগ্রাম নগর বিএনপি। একই দিন স্মারকলিপিও দেওয়া হবে। এতে দলের সব নেতা-কর্মীকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।
গতকাল সোমবার বেলা ১১টায় দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এই কর্মসূচি ঘোষণা করেন নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন। নগরে গ্যাস-সংকট দূর করার দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, বাণিজ্যিক রাজধানী ও শিল্পবান্ধব নগর চট্টগ্রামের প্রতি বিমাতাসূলভ আচরণ করছে সরকার। গ্যাস-সংকটের কারণে চট্টগ্রামের অনেক শিল্প-কারখানা বন্ধ হয়ে গেছে। বাসাবাড়িতেও গ্যাস সরবরাহ নেই।
শাহাদাত হোসেন বলেন, ‘চট্টগ্রামে ৪০০ মিলিয়ন গ্যাসের চাহিদা থাকলেও আমরা ২০০ মিলিয়ন ঘনফুট পাচ্ছি। এতে চট্টগ্রামের সংকট বাড়ছে। অথচ সরকারের অর্থমন্ত্রী যে এলএনজি (লিকুইড ন্যাচারেল গ্যাস) গ্যাস আমদানির কথা বলেছেন, তা দীর্ঘমেয়াদি প্রকল্প। তাই অনতিবিলম্বে আশুগঞ্জ থেকে চট্টগ্রাম পর্যন্ত ৩০ ইঞ্চি ব্যাসের পাইপলাইন বসিয়ে অতিরিক্ত আরও ৫০ মিলিয়ন ঘনফুট জরুরি ভিত্তিতে সরবরাহ দিতে হবে। শিল্প-কারখানা, আবাসন, সিএনজি গ্যাসের সমস্যা সমাধান হতে পারে।’