বৃহস্পতিবার মুক্তাঙ্গনে বিএনপির সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল বৃহস্পতিবার মুক্তাঙ্গনে প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি। দলটির চেয়ারপারসন খালেদা জিয়াকে নাকে খত দিতে বলে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের প্রতিবাদে এ কর্মসূচি দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার উদ্দেশে বলেন, ‘দুর্নীতি করবেন না বলে নাকে খত দিন।’ মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর এ বক্তব্যের নিন্দা জানান। তিনি জানান, বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন ও স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়ার বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদও জানানো হবে কর্মসূচিতে।ফখরুল ইসলাম বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে প্রধানমন্ত্রীর এ ধরনের অশোভন ও কুরুচিপূর্ণ বক্তব্য পরিহার করা উচিত। খালেদা জিয়ার বিরুদ্ধে এ পর্যন্ত কোনো ধরনের দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি। বরং দেশ যখন দুর্নীতির শীর্ষ তালিকায় ছিল, খালেদা জিয়া তখন দুর্নীতির তালিকা থেকে দেশকে নিচে নামিয়ে এনেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পদত্যাগ-সম্পর্কিত এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, এ ধরনের সংবাদ ভিত্তিহীন। বিএনপির ভাইস চেয়ারম্যান রাজিয়া ফয়েজ, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক ও এম ইলিয়াস আলী, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।স্বেচ্ছাসেবক দলের কমিটি: জুলফিকার হোসেনকে আহ্বায়ক করে ১১ সদস্যবিশিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফরিদপুর জেলার কমিটি ঘোষণা করা হয়েছে। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি হাবিব-উন-নবী খান এ কমিটি অনুমোদন করেছেন।