বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের মুক্তির দাবিতে আগামী বৃহস্পতিবার সারা দেশে ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এর ডাক দেয়। শিমুল বিশ্বাস সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক।
উত্তরাঞ্চলীয় আঞ্চলিক কমিটির পক্ষ থেকে ধর্মঘটের বিষয়টি জানিয়ে বগুড়ায় আজ মঙ্গলবার সকাল থেকে মাইকিং করা হচ্ছে। ধর্মঘটের কারণে সব ধরনের বাস-মিনিবাস, কোচ, ট্রাক, পণ্যবাহী কাভার্ড ভ্যান, পিকআপ, ট্যাংকলরি, সিএনজিচালিত অটোরিকশা, ভটভটিসহ সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে বলে ঘোষণা করা হয়।
এর আগে একই দাবিতে ১৪ নভেম্বর উত্তরাঞ্চলের ১৬ জেলায় পরিবহন ধর্মঘট ডেকেছিল সংগঠনটি। পরে ধর্মঘট স্থগিত করা হয়।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওসমান গনি প্রথম আলো ডটকমকে বলেন, শিমুল বিশ্বাসের বাড়ি উত্তরাঞ্চলে হওয়ায় প্রথম দফায় ধর্মঘট ডাকা হয়েছে ওই অঞ্চলের ১৬ জেলায়। কিন্তু সরকারের পক্ষ থেকে তাঁকে মুক্তির আশ্বাস দিলে ধর্মঘট স্থগিত করা হয়। সরকারের আশ্বাস পেয়ে ধর্মঘট প্রত্যাহার করা হলেও ওই দিনই মুক্তি না দিয়ে তাঁকে রিমান্ডে নেওয়া হয়।
এর প্রতিবাদে গত দুই দিন সারা দেশে শ্রমিকদের পক্ষ থেকে জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও জেলা প্রশাসকদের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়। আশ্বাস দেওয়ার পরও শ্রমিকদের দাবি অগ্রাহ্য করায় বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত সারা দেশে পরিবহন ধর্মঘট পালন করা হবে। তবে আগামীকাল বুধবারের মধ্যে শিমুল বিশ্বাসকে মুক্তি দিলে তাত্ক্ষণিকভাবে ধর্মঘট প্রত্যাহার করা হবে।