চট্টগ্রাম নগরে বৃষ্টি ও জোয়ারের কারণে সৃষ্ট জলাবদ্ধতা দূর করতে তিন হাজার কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। নগরের জলাবদ্ধতা নিরসনের জন্য এ যাবৎ নেওয়া সবচেয়ে বৃহৎ প্রকল্প এটি। এর নাম ‘চট্টগ্রাম নগরের বন্যা নিয়ন্ত্রণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসন’ প্রকল্প। এটি বাস্তবায়ন হলে জলাবদ্ধতার সমস্যা আর না থাকার ‘বড় আশার’ কথা শোনাচ্ছেন প্রকল্প-সংশ্লিষ্ট ব্যক্তিরা।
নগরের ৪০টি খালে স্লুইসগেট, প্রতিরোধ দেয়াল ও ১০টি বড় খালে পাম্প বসানো হবে এ প্রকল্পের আওতায়। এ ছাড়া আড়াই শ কিলোমিটার খালও খনন করা হবে। প্রস্তাবিত এই প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে আগামী এপ্রিল থেকে ২০২১ সালের জুন পর্যন্ত। সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ১৬৫ কোটি ১৮ লাখ টাকা।
পাউবো সূত্র জানায়, গত জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে পাউবোর প্রধান কার্যালয়ে এ-সংক্রান্ত উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) পাঠানো হয়। ডিপিপির ওপর পানি সম্পদ মন্ত্রণালয় এবং পাউবোর যাচাই সভাও হয়ে গেছে। এখন ডিপিপিটি পরিকল্পনা কমিশনে পাঠানো হবে।
পাউবো চট্টগ্রামের প্রধান প্রকৌশলী এ কে এম শামসুল করিম প্রথম আলোকে বলেন, পানিসম্পদমন্ত্রী ও সিটি করপোরেশনের মেয়রের যৌথ তাগিদ থেকে পাউবো এ প্রকল্প হাতে নিয়েছে। চট্টগ্রাম ওয়াসার খসড়া মহাপরিকল্পনার ওপর ভিত্তি করে ডিপিপি তৈরি করা হয়েছে। পাউবোর একটি কারিগরি কমিটিও ডিপিপি তৈরির আগে এর সম্ভাব্যতা যাচাই করে দেখেছে।
পাউবোর কর্মকর্তারা বলছেন, প্রকল্পটি বাস্তবায়ন করা গেলে পুরো নগরকে জলাবদ্ধতার হাত থেকে রক্ষা করা সম্ভব হবে। বৃষ্টির পানি দ্রুত বের করে দিতে চাক্তাই, রাজাখালী, মহেশ খাল, মরিয়ম বিবি খালসহ নগরের ১০টি বড় খালের মুখে পাম্প হাউস করা হবে। ৪০টি স্লুইসগেট ছাড়া ২ দশমিক ৭ কিলোমিটার প্রতিরোধ দেয়াল, সাড়ে ২৭ কিলোমিটার ফ্লাড ওয়াল নির্মাণ করা হবে।
পাউবো চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ কুমার সাহা বলেন, প্রকল্প প্রস্তাবনায় নগরের আড়াই শ কিলোমিটার খাল খননের কথা বলা হয়েছে। প্রকল্পের এই অংশটুকু বাস্তবায়ন করবে সিটি করপোরেশন। স্লুইসগেট গেট, ফ্লাড ওয়াল, প্রতিরোধ দেয়ালসহ বাকি কাজ পাউবো করবে।
সিটি করপোরেশন সূত্র জানায়, বর্তমানে নগরে শাখা-প্রশাখাসহ ১১৮টি খাল রয়েছে। এর মোট দৈর্ঘ্য ১৮২ দশমিক ২৫ কিলোমিটার। এ ছাড়া নগরে পাকা নর্দমা রয়েছে ৭১০ কিলোমিটার এবং কাঁচা নর্দমা আছে ৫৫ কিলোমিটার। এসব খাল ও নালা-নর্দমা থেকে মাটি উত্তোলন ও রক্ষণাবেক্ষণে প্রতিবছরই কোটি কোটি টাকা ব্যয় করে সিটি করপোরেশন। গত এক যুগে এ খাতে ব্যয় হয়েছে ২৭৩ কোটি টাকা। বিপুল অঙ্কের টাকা খরচ হলেও জলাবদ্ধতা নিরসনে কার্যকর কোনো সুফল পায়নি নগরবাসী।
চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনে পাউবোর প্রকল্পটি বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি প্রথম আলোকে বলেন, নগরের বিভিন্ন সেবা সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করে এ প্রকল্পটি তৈরি করা হয়েছে। এটি বাস্তবায়িত হলে দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যা থেকে মানুষ পরিত্রাণ পাবে।
চট্টগ্রাম ওয়াসার ড্রেনেজ মহাপরিকল্পনার সঙ্গে যুক্ত পানি উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান প্রকৌশলী হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, নগরের জলাবদ্ধতা নিরসনে নালাগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণ ও এর প্রশস্ততা বৃদ্ধি, কাঁচা নালাকে পাকা করা, সেতু ও কালভার্টের নিচ দিয়ে প্রবাহিত পাইপ সরিয়ে নেওয়া, খালের মুখে পাম্প হাউস স্থাপন জরুরি। কিন্তু পানি উন্নয়ন বোর্ডের প্রকল্পটিতে নালা সংস্কার ও নির্মাণ এবং পাইপ লাইন সরানোর বিষয়ে কোনো পদক্ষেপ নেই। পরবর্তী সময়ে প্রকল্প সংশোধনের সময় এগুলো যুক্ত করা যেতে পারে।
প্রকল্পটি বাস্তবায়নে সেবা সংস্থাগুলোর মধ্যে (চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, ওয়াসা ও পানি উন্নয়ন বোর্ড) সমন্বয় বাড়ানোর তাগিদ দিয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক সুদীপ কুমার পাল। তিনি প্রথম আলোকে বলেন, প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়িত হলে চট্টগ্রামের জলাবদ্ধতার সমস্যা অনেকটাই সহনীয় পর্যায়ে চলে আসবে।