চট্টগ্রামের পতেঙ্গায় ‘বে কনটেইনার টার্মিনাল’ নির্মাণের সম্ভাব্যতা যাচাই করতে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। একই সঙ্গে এই টার্মিনাল নির্মাণের জন্য ৯৫০ একর জমি অধিগ্রহণের প্রক্রিয়াও চলবে। নির্মাণকাজ শেষ হলে চট্টগ্রাম বন্দরের পাশাপাশি এই টার্মিনালেও পণ্য ও কনটেইনার ওঠানো-নামানোর সব সুযোগ-সুবিধা থাকবে।
বন্দরের ১২৯তম বর্ষপূর্তি উপলক্ষে বন্দরের নবনিযুক্ত চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবাল গতকাল রোববার বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান। বন্দর এলাকার শহীদ মোহাম্মদ ফজলুর রহমান মুন্সী মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় বন্দরের পর্ষদ সদস্য জাফর আলম ও কমোডর শাহীন রহমানসহ বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পোর্ট কমিশনার্স অ্যাক্টের আওতায় চট্টগ্রাম বন্দরের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ১৮৮৮ সালের ২৫ এপ্রিল। প্রতিবছর ২৫ এপ্রিল বন্দর দিবস হিসেবে পালন করা হয়।
সংবাদ সম্মেলনে বন্দরের চেয়ারম্যান এম খালেদ ইকবাল বলেন, গত চার বছরে বন্দরে কনটেইনার পরিবহন বেড়েছে ১৩ শতাংশ হারে। কনটেইনার পরিবহন বাড়ায় এখন জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানোর জন্য জেটি, কনটেইনার রাখার জন্য ইয়ার্ড (চত্বর) ও কনটেইনার স্থানান্তরের জন্য যন্ত্রপাতি কেনার বিষয়টি প্রাধান্য দেওয়া হচ্ছে। বে টার্মিনাল ছাড়াও বন্দর এলাকায় কর্ণফুলী কনটেইনার টার্মিনাল, পতেঙ্গা এলাকায় পতেঙ্গা কনটেইনার টার্মিনাল ও লালদিয়া টার্মিনাল নির্মাণ করার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। কনটেইনার রাখার জায়গা বাড়ানোর তিনটি বড় ইয়ার্ড নির্মাণের কাজ শুরু করা হবে। এ ছাড়া নিউমুরিং কনটেইনার টার্মিনালে ব্যবহারের জন্য গ্যান্ট্রি ক্রেনসহ যন্ত্রপাতি সহসা সংগ্রহের উদ্যোগ নেওয়া হবে।
বন্দর চেয়ারম্যান বলেন, মিরসরাই ও ফেনী অর্থনৈতিক অঞ্চলে একটি বন্দর নির্মাণের জন্য প্রাথমিক সমীক্ষা করবে বন্দর। এ জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বন্দরের পর্ষদ সদস্য জাফর আলম বলেন, বন্ধ থাকা ‘ক্যাপিটাল ড্রেজিং’ প্রকল্প এলাকায় বন্দর নিজ উদ্যোগে খননকাজ শুরু করবে। প্রকল্পের আওতায় জেটি ও তীররক্ষা বাঁধ নির্মাণের কাজ সিংহভাগই শেষ হয়েছে।