বাবা মারা গেছেন। অন্যজনের সঙ্গে মায়ের বিয়ে হয়ে গেছে। তাই দুদিন পার হলেও তার খোঁজ নিতে আসেনি কেউ। এতে অবশ্য মোটেই মন খারাপ নয় সোহাগীর। গত ছয় মাসের নরক যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছে সে। যেখানে ঠিকমতো খাবার জুটত না, কথায় কথায় মারা হতো তাকে। এখন হাসপাতালে চিকিৎসক, সেবিকা আর পুলিশ তাকে আগলে রেখেছে। ভালো ভালো খাবার জুটছে নিয়মিত।বে-রহম লিমা রহমানের নির্যাতনের শিকার হয়ে শরীরভরা ক্ষত নিয়ে ১০ বছরের সোহাগী এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন। সে বেশ অসুস্থ। তবে ধীরে ধীরে ভয় কাটিয়ে সবার সঙ্গে কথা বলছে সে।গত রোববার র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) সদস্যরা রাজধানীর মগবাজার এলাকায় দিলু রোডের লিমা রহমানের বাসা থেকে তাকে উদ্ধার করে। এ ঘটনায় রমনা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। সোহাগীকে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার গৃহকর্ত্রী লিমা রহমান ও গৃহকর্তা মশিউর রহমানকে গতকাল সোমবার কারাগারে পাঠানো হয়েছে।গতকাল দুপুরে ভাত খাওয়ার সময় সোহাগী সেবিকাকে বলেছে, একবার লিমা রহমান পা দিয়ে তার গলা চেপে ধরেছিলেন। এ কারণে এখনো তার খাবার গিলতে সমস্যা হয়, বেশি সময় লাগে। তাকে নিয়মিত বাথরুমে শুতে দেওয়া হতো। একদিন তাকে শুধু শুকনো মরিচ দিয়ে ভাত খেতে দেওয়া হয়েছিল। শুকনো মরিচ ধরায় হাত জ্বলছিল। তখন সে গৃহকর্ত্রীর বড় মেয়ের ঘরের মেঝেতে ঠান্ডায় শুয়ে পড়ে। এ কারণে সেদিন তাকে অনেক মারধর করেন লিমা। তার হাতে, পায়ে, বুকে, পিঠে, গলায় নানা ধরনের আঘাতের চিহ্ন রয়েছে। ওসিসির কর্মকর্তারা সোহাগীর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কাউকে খুঁজে পাননি। সে তার বাবার নাম বলতে পারলেও ঠিকমতো ঠিকানা বলতে পারছে না। তার বাবা মারা যাওয়ার পর মা অন্য একজনকে বিয়ে করেছে বলে সোহাগী জানায়। তার কাছে কোনো আত্মীয়ের ফোন নম্বর নেই।গৃহকর্ত্রী-গৃহকর্তা কারাগারে: সোহাগীর ওপর নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার গৃহকর্তা মশিউর রহমান ও তাঁর স্ত্রী লিমার জামিনের আবেদন নাকচ করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল ঢাকার মহানগর হাকিম সৈয়দা মিনহাজ উম মুনিরা এ আদেশ দেন।গতকাল আসামিদের পক্ষে জামিনের আবেদন করে বলা হয়, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। কাজের মেয়ে নির্যাতনের অভিযোগ সঠিক নয়। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করে উপপরিদর্শক (এসআই) মো. সালোয়ার আদালতকে বলেন, আসামিদের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগে রয়েছে। আসামিরা শিশু সোহাগীর ওপর গরম পানি ঢেলে শারীরিকভাবে প্রতিনিয়ত নির্যাতন করেছেন। সোহাগীর সারা শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে। এ অবস্থায় আসামিদের জামিন দেওয়া হলে সমাজে শিশু নির্যাতনের সংখ্যা আরও বেড়ে যাবে।