বেঁচে গেল চার কিশোরী
প্রশাসন ও এলাকাবাসীর হস্তক্ষেপে জামালপুর, শেরপুর ও মৌলভীবাজারে বাল্যবিবাহের কবল থেকে বেঁচে গেছে চার কিশোরী। গতকাল শুক্রবার ও গত বৃহস্পতিবার রাতে তাদের বিয়ে বন্ধের উদ্যোগ নেওয়া হয়। একই সঙ্গে অভিভাবকদের কাছ থেকে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে তাদের বিয়ে দেওয়া হবে না বলেও প্রতিশ্রুতি আদায় করা হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:জামালপুর: সদর উপজেলার চরগজারিয়া গ্রামে গতকাল শুক্রবার দুপুরে এক বাড়িতে সপ্তম শ্রেণীর এক ছাত্রীর (১৫) বিয়ের অনুষ্ঠান চলছিল। একই গ্রামের এক পোশাকশ্রমিকের সঙ্গে তার বিয়ে ঠিক হয়। তবে বরযাত্রী আসার আগেই সদর উপজেলা ভূমি কার্যালয়ের সহকারী কমিশনার শাহ আবদুল সাদীর নেতৃত্বে একদল পুলিশ ওই বাড়িতে হাজির হয়। সহকারী কমিশনার মেয়ের বাবাকে আইনের বাধা ছাড়াও বাল্যবিবাহের কুফল সম্পর্কে বোঝান। এতে ওই ছাত্রীর বাবা নিজের ভুল বুঝতে পারেন এবং ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবেন না বলেও অঙ্গীকার করেন। এ সময় শাহ আবদুল সাদী জানতে পারেন, ওই বাড়ির পাশেই সপ্তম শ্রেণীর আরেক ছাত্রীর বিয়ে ঠিক হয়েছে। তিনি সে বাড়িতে গিয়ে একইভাবে ওই মেয়ের বাবাকে বুঝিয়ে বিয়ে বন্ধ করতে সক্ষম হন।শাহ আবদুল সাদী বলেছেন, পরিবার দুটি যাতে আবার মেয়েদের বাল্যবিবাহ দেওয়ার চেষ্টা করতে না পারে, সে জন্য তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যদের নিয়মিত খোঁজ রাখতে বলেছেন।কমলগঞ্জ (মৌলভীবাজার): কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের ধলাইর পার গ্রামে ১৪ বছর বয়সী এক মেয়ের সঙ্গে ঢাকার মগবাজার এলাকার এক ছেলের বিয়ে ঠিক হয়। উভয় পক্ষের সিদ্ধান্ত অনুযায়ী গতকাল বেলা একটায় বরযাত্রী কনের বাড়িতে আসে। কিন্তু বিয়ে পড়ানোর আগেই গ্রাম পঞ্চায়েতের প্রধান ছাদির মিয়ার নেতৃত্বে এলাকাবাসী এসে বিয়েটি বন্ধ করে দেয়। তবে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দীন জানিয়েছেন, বিষয়টি সম্পর্কে তিনি কিছু জানেন না।শেরপুর: শেরপুরের শ্রীবরদী উপজেলার বীরবান্দা পোড়াগড় গ্রামে গত বৃহস্পতিবার মধ্য রাতে এক কিশোরীর বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু মেয়েটি এ বাল্যবিবাহে রাজি না থাকায় বৃহস্পতিবার সকালেই সে তার স্কুলের প্রধান শিক্ষককে ঘটনাটি জানায়। প্রধান শিক্ষক মেয়ের পরিবারকে বোঝাতে ব্যর্থ হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌফিক আল মাহমুদ ও শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাছিনুর রহমানকে বিষয়টি জানান। রাত সাড়ে আটটার দিকে পুলিশের একটি দল মেয়ের বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করে। একই সঙ্গে তারা ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেওয়া হবে না মর্মে তার পরিবারের কাছ থেকে মুচলেকা আদায় করে।