বেঁচে গেল ছয়টি ঘুঘু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অল্পের জন্য বেঁচে গেল ছয়টি ঘুঘু। ক্রেতার হাতে পড়ার আগেই মৌলভীবাজার শহরের পশ্চিমবাজার এলাকা থেকে গতকাল শুক্রবার সকালে উদ্ধার করা হয় এই ঘুঘুগুলো। তবে বিক্রেতাকে আটক করা সম্ভব হয়নি। পরে বন বিভাগের মাধ্যমে বর্ষিজুরা ইকোপার্কে ঘুঘুগুলোকে অবমুক্ত করা হয়েছে।মৌলভীবাজার বায়োডাইভারসিটি কনজারভেশন গ্রুপের চেয়ারম্যান সেলিম আহমদ প্রথম আলোকে বলেন, তিনি পশ্চিমবাজারে বাজার করতে গিয়ে ঘুঘু বিক্রি করতে দেখেন। পাখির দরদাম করে কৌশলে বিক্রেতাকে পশ্চিমবাজার থেকে চৌমোহনা এলাকায় নিয়ে আসার চেষ্টা করেন। পাখিবিক্রেতা ছয়টি ঘুঘুর দাম চায় এক হাজার টাকা। এরই মধ্যে তিনি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বন বিভাগের সঙ্গে যোগাযোগ করেন। এদিকে প্রশাসনের সঙ্গে যোগাযোগের বিষয়টি টের পেয়ে বিক্রেতা পাখি ফেলে সটকে পড়ে। পরে ঘুঘুগুলোকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজারের রেঞ্জার গাজী মোস্তফা কামাল পাখিগুলো গ্রহণ করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘পাখিগুলো উদ্ধার করে বর্ষিজুরা ইকোপার্কে ছেড়ে দেওয়া হয়েছে।’