বেঁচে গেল বাজ পাখি
মৌলভীবাজার শহরের সৈয়ারপুর এলাকার এক ব্যক্তি গতকাল শনিবার একটি আহত বাজ পাখিকে উদ্ধার করে বন বিভাগের কর্মকর্তাদের হাতে তুলে দিয়েছেন।
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে সৈয়ারপুর এলাকার বাসিন্দা শাহ অলিদুর রহমান বাসার কাছের একটি ঝোপ থেকে পাখিটিকে উদ্ধার করে বন বিভাগকে খবর দেন। বিকেলে বন বিভাগের কর্মকর্তারা এসে এটিকে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার বিট কার্যালয়ে নিয়ে যান। পাখিটির বাঁ ডানায় একটি ক্ষত আছে। এ ছাড়া এটির পায়ের নখে ক্ষতের সৃষ্টি হয়েছে। বন বিভাগ পাখিটিকে চিকিৎসা ও খাবার দিয়েছে।
মৌলভীবাজার বিট কার্যালয়ে রাখার পর সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলে এটি অবমুক্ত করা হবে। শাহ অলিদুর রহমান বলেন, ‘১০ দিন আগে আমার বাসার গেটের কাছে পাখিটি মরার মতো পড়ে ছিল। এরপর মাঝেমধ্যে এটিকে দেখেছি। ভেবেছিলাম, হয়তো একসময় চলে যাবে। কিন্তু আহত হওয়ায় এটি আর উড়তে পারছিল না।’
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার বিট কর্মকর্তা মোনায়েম সরকার বলেন, ‘বাজ পাখিটিকে খাবার দিয়েছি। আপাতত কয়েক দিন আমাদের কাছে থাক। উড়তে পারলে এটি অবমুক্ত করা হবে। এটি আমাদের দেশের পাখি। কিন্তু এখন বিপন্ন হতে চলেছে।’