বেঁচে গেল ৩০টি বক
বগুড়ার শেরপুর উপজেলায় পাখিশিকারিদের কাছ থেকে ৩০টি বক উদ্ধার করেন স্থানীয় লোকজন। এরপর সেগুলো তাঁরা ছেড়ে দেন। গতকাল সোমবার সকাল নয়টার দিকে উপজেলার ঢগঢগিয়া বিলে এলাকার লোকজনের সহযোগিতায় স্থানীয় পরিবেশকর্মীরা এভাবেই বকগুলোকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করেন।
পরিবেশকর্মী আবদুর রাজ্জাক বলেন, বিলটিতে বেশ কিছুদিন ধরে দুজন পাখিশিকারিরা বাঁশের খাঁচার মধ্যে অন্য একটি বক রেখে ফাঁদ পেতে বক শিকার করে আসছিলেন। পরে শিকার করা এসব বক স্থানীয় বিভিন্ন হাটবাজারে বিক্রি করা হতো। এলাকাবাসীর সহযোগিতায় গতকাল সকালে রাশেদুল ইসলাম ও হাফিজুর রহমান নামের ওই দুই শিকারিকে আটক করা হয়। তাঁদের বাড়ি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিনশারা গ্রামে। তাঁরা ভবিষ্যতে আর পাখি শিকার করবেন না—এ ধরনের প্রতিশ্রুতি দিলে পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। তবে তাঁদের শিকার করা বকগুলো অবমুক্ত করা হয়। এ ছাড়া বক শিকারের বাঁশের খাঁচার দুটি ফাঁদ পুড়ে ফেলা হয়।
বকশিকারি রাশেদুল বলেন, পাখি শিকার করে স্থানীয় বাজারগুলোতে বিক্রি করাই তাঁদের পেশা। পাখি শিকার করা যে নিষিদ্ধ, তা তাঁরা জানতেন না।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় সীমাবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আফতাব উদ্দিন তালুকদার বলেন, বিলটিতে প্রায় সারা বছরই হরেক ধরনের পাখি আসে। পাখি শিকার করতে থাকলে একসময় আর কোনো পাখিই আসবে না। পাখি শিকার বন্ধে সবার এগিয়ে আসা উচিত।
এ বিষয়ে গতকাল সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম সরোয়ার জাহান বলেন, বিষয়টি তাঁর জানা নেই। তবে পাখি শিকার আইনত দণ্ডনীয়। শেরপুরের বিভিন্ন বিলে পাখি শিকার বন্ধে প্রশাসনের পক্ষ থেকে তৎপরতা চালাবেন তিনি।